Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিশেষ পরামর্শ গাভাসকরের

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিশেষ পরামর্শ গাভাসকরের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইপিএল মানে শুধুই গ্ল্যামার বা টাকার ছড়াছড়ি নয়। ক্রোড়পতি লিগ প্রতিভা অন্বেষণের বড় মঞ্চও। আইপিএল থেকেই যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়ালের মতো তারকার উত্থান। সদ্যসমাপ্ত আসরেও বৈভব সূর্যবংশী, প্রিয়াংশ আর্যের তারুণ্যের ঝলক দেখা গিয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির খেলোয়াড় খোঁজার ধরন নিয়ে পুরোপুরি খুশি নন সুনীল গাভাসকর। আরও ভালোভাবে প্রতিভা তুলে আনতে তিনি বিশেষ পরামর্শও দিয়েছেন। সানির কথায়, ‘এবারের আইপিএলে আবারও প্রমাণিত যে, নতুন প্রতিভা খুঁজতে বিভিন্ন রাজ্যের টি-২০ লিগগুলিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার চেয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে প্লেয়ার তোলা হোক। মুস্তাক আলিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়।’

Advertisement

সানি গাভাসকরের সংযোজন, ‘শুধু পরিংসখ্যান দেখলেই হবে না। বিচার করতে হবে কোন পরিস্থিতিতে প্লেয়াররা কত রান করছে বা উইকেট নিচ্ছে। চাপের মুহূর্তে যে সব খেলোয়াড় ভালো পারফরম্যান্স মেলে ধরে তাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনেক বিগ হিটারকে দেখেছি, যাদের বড় মঞ্চে হাঁটু কাপে। বরং কেউ যদি কঠিন সময়ে ৫ বলে ১৫ করে সেটাও কম গুরুত্বপূর্ণ নয়।’ পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিয়ে সানি কিছুটা সতর্কও। তিনি বলেন, ‘অনেক সময় বেশি টাকা দেখে মাথা ঘুরে যায় তরুণদের। ফলে তারা ফোকাস হারিয়ে ফেলে। তাই তরুণদের ঠিকমতো গাইড করাটাও খুব প্রয়োজনীয়।’
একইসঙ্গে বেঙ্গালুরুতে হওয়া ঘটনা প্রসঙ্গে সানি বলেন, ‘আরসিবি যদি আরও আগে ট্রফি জিতত, তাহলে সমর্থকদের মধ্যে আবেগের এমন বহিঃপ্রকাশ ঘটত না। দীর্ঘ সময় বাদে এই সাফল্য কোথাও তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ