সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: দলের ‘বিদ্রোহী’ কাউন্সিলার মেয়র পরিষদ সদস্যর ওয়ার্ডে রাত্রিযাপনের সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা শহরের মেয়র গৌতম দেব। শনিবার তাঁর এই ঘোষণাকে ঘিরে রীতিমতো রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এর আগেও ‘মানুষের কাছে চলো’ কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের বাড়িতে রাত কাটিয়েছেন মেয়র। তবে ভোট প্রচারের মধ্যে এবার দলের ‘বিদ্রোহী’ কাউন্সিলার দিলীপ বর্মনের ৪৬ নম্বর ওয়ার্ডে তাঁর রাত্রিযাপনকে ঘিরে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। এদিন এই কর্মসূচির ঘোষণা করেন গৌতম দেব।
উল্লেখযোগ্য বিষয় হল, গৌতম দেবের ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা আগেই দিলীপ বর্মন সাংবাদিক সম্মেলন করে মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকারের হয়ে প্রচারে নামার কথা ঘোষণা করেছিলেন। সেই সময় তিনি জানান, শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব চাইলে তাঁর জন্যও তিনি প্রচার করবেন।
গত কয়েক মাস ধরেই পুরসভার বিভিন্ন ইস্যুতে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন দিলীপ বর্মন। পাশাপাশি মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় সমাজসেবামূলক কাজের মাধ্যমে বিগত কয়েক মাস ধরে তিনি নিজস্ব প্রভাব বাড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস-সমর্থিত পোস্ট শেয়ার করা, প্রতিক্রিয়া জানানোর ঘটনায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
এই প্রেক্ষাপটে সেই ‘বিদ্রোহী’ কাউন্সিলার মেয়র পরিষদ সদস্যর ওয়ার্ডে গৌতম দেবের রাত্রিযাপন ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি বিদ্রোহ মিটিয়ে দিলীপ বর্মনকে ফের বাগে আনার চেষ্টা চলছে? যদিও এ বিষয়ে গৌতম দেব স্পষ্ট করে কিছু বলতে চাননি। তিনি বলেন, ৪৬ নম্বর ওয়ার্ডে রাত্রিযাপন নতুন বা বিশেষ কোনো কর্মসূচি নয়। কিছু ওয়ার্ড ‘মানুষের কাছে চলো’ কর্মসূচিতে আগে বাদ পড়েছিল। ভোটের প্রচারে সেই এলাকাগুলিকেই এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে। দিলীপ বর্মনকে তাঁর প্রচারে যুক্ত করা প্রসঙ্গে প্রশ্ন এরিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, দলের তরফে আমার নির্বাচনি প্রচারসূচি নির্ধারণ করা হচ্ছে। এব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।
এদিকে, এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন দিলীপ বর্মন। তিনি বলেন, তৃণমূলের প্রার্থী ও মেয়র হিসেবে নিজের নির্বাচনি এলাকায় কর্মসূচি নেওয়ার অধিকার তাঁর রয়েছে। তাঁর এই কর্মসূচিকে স্বাগত। যদিও আমাকে এখনও এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি। যোগাযোগ করা হয়নি। তিনি জানান, এলাকার মানুষের কাছে তৃণমূল প্রার্থীকে সমর্থন জানাতে প্রচার চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।