ব্রতীন দাস, মালদহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের সিলেবাসে স্থান পেল স্থানীয় সাহিত্য ও ইতিহাস। স্নাতকের বাংলা অনার্স পড়ুয়াদের সিলেবাসে রাখা হয়েছে উত্তরবঙ্গের একাধিক বিশিষ্ট কবি-সাহিত্যিকের গল্প, নাটক ও কবিতা। এই তালিকায় স্থান পেয়েছেন কোচবিহারের অমিয়ভূষণ মজুমদার, অরুণেশ ঘোষ, দক্ষিণ দিনাজপুরের হরিমাধব মুখোপাধ্যায় সহ বেশ কিছু লেখক, নাট্যকার, কবি। থাকছে বালুরঘাটের অজিতেশ ভট্টাচার্য, শিলিগুড়ির বিপুল দাসের গল্প। শুধু তাই নয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে বাংলা বিভাগের স্নাতক স্তরের অষ্টম সেমেস্টারে পড়ুয়াদের জন্য ‘উত্তরবঙ্গের সাহিত্য, সংস্কৃতি ও ভাষা’ নামে যে বিশেষ পত্র রাখা হয়েছে, সেখানে পড়ানো হবে উত্তরের লোকশিল্প, লোকগান। এই তালিকায় রয়েছে গম্ভীরা, গোমিরা, খন, মুখা ও ভাওয়াইয়া।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, চার বছরের স্নাতকে বাংলা অনার্স পাঠ্যক্রমে আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব অঞ্চলের সাহিত্য-ঐতিহ্য, সৃজনশীলতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে আরও নিবিড় ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্নাতকের বাংলা অনার্সের পড়ুয়াদের সিলেবাসে হরিমাধব মুখোপাধ্যায়ের ‘দেবাংশী’ নাটক পড়ানো হবে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি লিট উপাধি পেয়েছিলেন। মালদহের বিশিষ্ট নাট্যকার পরিমল ত্রিবেদীর ‘গম্ভীরা’ নাটকটি পাঠক্রমে পড়বেন ছাত্রছাত্রীরা। মালদহের ‘মালঞ্চ’ নাট্যদলের অন্যতম সদস্য ছিলেন পরিমলবাবু। তিনি পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার ও ‘বঙ্গরত্ন’ উপাধিতে সম্মানিত হয়েছিলেন।
এছাড়াও পড়ানো হবে মাথাভাঙার নিত্য মালাকারের ‘ভাতের মানদণ্ডে ইদানীং শিল্পবোধ’, জলপাইগুড়ির বেণু দত্তরায়ের ‘এপিটাফ’ কবিতা। অমিয়ভূষণ মজুমদারের ‘তাঁতীবউ’, বিপুল দাসের ‘বীজ’, অজিতেশ ভট্টাচার্যর ‘রোহিনীর দ্বিতীয় মৃত্যু’ গল্প রয়েছে সিলেবাসে।
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ শুধুমাত্র পাঠ্যক্রমের পরিসর বৃদ্ধি নয়, বরং আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার সচেতন প্রয়াস বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন ধরে স্থানীয় ও আঞ্চলিক সাহিত্যিকদের সৃষ্টিকর্ম বৃহত্তর শিক্ষাচর্চায় যথাযথ স্থান পাওয়ার যে প্রয়োজন অনুভূত হয়েছে, এই উদ্যোগ তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে।
উপাচার্য বলেন, উচ্চশিক্ষার পাঠ্যক্রমে আঞ্চলিক সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের নিজস্ব শিকড় সম্পর্কে সচেতন করবে ও নতুন প্রজন্মের মধ্যে আঞ্চলিক সাহিত্যচর্চা ও গবেষণার আগ্রহ বৃদ্ধি করবে। গৌড়বঙ্গের সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।



