পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছবে হেঁশেলে, বালুরঘাটে সংযোগ মিলবে বিনে পয়সায়
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: এবার আর রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করা বা বাড়িতে সিলিন্ডার পৌঁছনোর জন্য অপেক্ষা নয়! এবার পাইপলাইনের মাধ্যমেই সরাসরি বাড়ির হেঁশেলে পৌঁছে যাবে রান্নার গ্যাস। বালুরঘাট শহরে শুরু হয়েছে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের কাজ। ইতিমধ্যেই পুরসভার অনুমতি নিয়ে একটি গ্যাস সরবরাহকারী সংস্থার উদ্যোগে শহর জুড়ে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। কেন্দ্র সরকারের প্রকল্পের মাধ্যমে ওই গ্যাসের পাইপলাইন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। যা একেবারে বিনামূল্যে। 

Advertisement

সূত্রের খবর, শহরের প্রায় ১৯২ কিলোমিটার রাস্তায় এই গ্যাসের পাইপলাইন বসানো হবে। এই পরিষেবা চালু হলে শহরের বহু মানুষ উপকৃত হবেন। স্বাভাবিক ভাবেই এই উদ্যোগে খুশি বালুরঘাট শহরের বাসিন্দারা।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, গ্যাস সরবরাহকারী একটি সংস্থা পুরসভার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে কাজ শুরু করেছে। শহরের প্রতিটি বাড়িতে বিনামূল্যে গ্যাসের পাইপলাইনের কানেকশন পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের কাজের জন্য পুরসভার তরফে যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে, তা  করা হবে। 
গ্যাস সরবরাহকারী সংস্থার ম্যানেজার নাসিম আলি বলেন, বালুরঘাট শহরে ইতিমধ্যেই পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। শহরের প্রতিটি বাড়িতে এই গ্যাসের পাইপলাইনের কানেকশন বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে সেই পাইপলাইনের মাধ্যমেই গ্যাস সরবরাহ করা হবে। শহর জুড়ে প্রায় ১৯২ কিলোমিটার রাস্তা জুড়ে পাইপলাইন বসানোর কাজ চলছে। কেন্দ্র সরকারের প্রকল্পের মাধ্যমেই এই কাজ করা হচ্ছে।
বালুরঘাট শহরে মোট ২৫টি ওয়ার্ড রয়েছে। এই ২৫টি ওয়ার্ডে বাড়ির সংখ্যা প্রায় ৩০ হাজারের কাছাকাছি। বর্তমানে শহরের মূল রাস্তাগুলিতে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দ্রুততার সঙ্গে বসানো হচ্ছে গ্যাসের পাইপলাইন। এই প্রকল্পের কাজে শহরের অলিগলি থেকে শুরু করে প্রতিটি বাড়িও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি বাড়ির রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে গ্যাসের কানেকশন।
পরবর্তীতে বালুরঘাট শহরের একটি নির্দিষ্ট জায়গায় তৈরি করা হবে গ্যাস সরবরাহের মূল কেন্দ্র। সেখান থেকেই পাইপলাইনের মাধ্যমে শহরের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে রান্নার গ্যাস।
শহরের বাসিন্দা পীযূষ চক্রবর্তী বলেন, এই ধরনের গ্যাসের কানেকশন চালু হলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। আর গ্যাসের সিলিন্ডার আনা কিংবা বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। বাড়িতেই পাইপলাইনের মাধ্যমে সহজে রান্নার গ্যাস পাওয়া যাবে। ফলে এই পরিষেবা চালু হলে আমরা অনেকটাই উপকৃত হব।