Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩ মাসে দু’বার গ্যাসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস মধ্যবিত্তের, কাঠ-ঘুঁটেই ফিরছে জঙ্গলমহলের মানুষ

রঘুনাথপুরে গ্যাসের দাম ৩ মাসে দু’বার বৃদ্ধি, মধ্যবিত্তরা সমস্যায়। গ্যাস সিলিন্ডার পেতে নাজেহাল। বিস্তারিত পড়ুন।

৩ মাসে দু’বার গ্যাসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস মধ্যবিত্তের, কাঠ-ঘুঁটেই ফিরছে জঙ্গলমহলের মানুষ
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: তিন মাসে দ্বিতীয়বার দাম বাড়ল গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের। মার্চ মাসের পর গত ৭ জুন কেন্দ্রীয় সরকার সিলিন্ডার প্রতি ২৯ টাকা দাম বাড়িয়েছে। যার ফলে বর্তমানে রঘুনাথপুর এলাকায় ৯৮১ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। যার ঠেলায় সাধারণ মানুষ নাজেহাল। আগে গরিব মানুষদের ভর্তুকিযুক্ত উজ্জ্বলা যোজনা গ্যাস সিলিন্ডার মিলত। প্রতিটি পরিবার বছরে ন’টি ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার পেত। বর্তমানে সেখানে উজ্জ্বলা যোজনা গ্রাহকরা বছরে ভর্তুকিযুক্ত চারটি গ্যাস সিলিন্ডার পাবেন। একদিকে গরিব মানুষদের ভর্তুকি কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে তিন মাসের দু’ দফায় ৮৯ টাকা দাম বেড়েছে গ্যাসের। যার ফলে রঘুনাথপুর মহকুমা তথা পুরুলিয়া জেলার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। 

Advertisement

বর্তমানে অনেক এলাকায় বুকিং করার পরেও সময় মতো গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে মধ্যবিত্ত পরিবারগুলির হেঁশেল চালাতে নাভিশ্বাস উঠছে। জঙ্গলমহলের অনেক মানুষ তাই বাধ্য হয়েই কাঠ-ঘুঁটেই রান্না করতে বাধ্য হচ্ছে। গৃহবধূ পদ্মা মণ্ডল বলেন, গ্যাস বুক করেও পাচ্ছি না। বাধ্য হয়েই কাঠ-ঘুঁটেই রান্না করতে হচ্ছে। কবে পরিষেবা স্বাভাবিক হবে জানি না।
বর্তমানে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিদ্যালয়েগুলি মিড ডে মিলের জন্য গৃহস্থালির গ্যাস ব্যবহার করছে। রঘুনাথপুর এলাকার বিবেক মাজি, রঞ্জিত মণ্ডল বলেন, গ্যাস সিলিন্ডার পেতে নাজেহাল হতে হচ্ছে। অন্যদিকে মাসের পর মাস দাম বৃদ্ধি পাচ্ছে। উজ্জলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার কমানো হয়েছে। মানুষের আয় কমছে। কিন্তু খরচ লাগাম ছাড়া বেড়েই যাচ্ছে। মানুষ কোথায় যাবে। 
রঘুনাথপুর শহর কংগ্রেস সভাপতি তারকনাথ পরামানিক বলেন, বিজেপি আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের ভোট নিয়েছে। আর তারা গরিব মানুষকে শোষণ করছে। বিজেপি কখনওই সাধারণ গরিব মানুষের জন্য নয়। তারা আদানি, আম্বানির ব্যবসার জন্য রয়েছে। বর্তমানে মধ্যবিত্ত পরিবারদের অবস্থা শোচনীয়।
তৃণমূলের এক নেতা বলেন, নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে জানিয়েছিল বিজেপি ভোটে জিতলে পেট্রল, ডিজেল, গ্যাসের দাম বৃদ্ধি করবে। মানুষকে এতটাই সমস্যার মধ্যে রাখা হবে। মানুষ আন্দোলন করতে ভুলে যাবে। যেটা বাস্তবে হচ্ছে।
রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি বলেন, ২০২৪ সালে ১০০ টাকা সিলিন্ডার প্রতি দাম কমানো হয়েছিল। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ