Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গড়চুমুক চিড়িয়াখানা: এবছর শীতেই আসতে চলেছে ‘সুন্দরবনের রাজা’

পর্যটকদের জন্য সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর শীতের মরশুমে গড়চুমুক জুলজিক্যাল পার্কে আসছে সুন্দরবনের রাজা বা রয়্যাল বেঙ্গল টাইগার।

গড়চুমুক চিড়িয়াখানা: এবছর শীতেই আসতে চলেছে ‘সুন্দরবনের রাজা’
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পর্যটকদের জন্য সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছর শীতের মরশুমে গড়চুমুক জুলজিক্যাল পার্কে আসছে সুন্দরবনের রাজা বা রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার রাতে উলুবেড়িয়া পুরসভায় ২৫ নম্বর ওয়ার্ডে পারিজাত ইউনাইটেড ক্লাব আয়োজিত সম্প্রীতি মেলার উদ্বোধন করতে গিয়ে একথা জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।

Advertisement

এদিন তিনি বলেন, গড়চুমুক জুলজিক্যাল পার্কে আপাতত দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হবে। সেই মতো বাঘের এনক্লোজারও তৈরি করা হবে। রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও চিতাবাঘ, ভাল্লুক সহ একাধিক প্রাণীও আনা হবে। গড়চুমুক চিড়িয়াখানায় বাঘ যে আসছে, সে কথা স্বীকার করেছে বনদপ্তর। দপ্তরের এক কর্তা জানান, বাঘের এনক্লোজার তৈরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র একমাস আগে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই এনক্লোজার তৈরির কাজ শুরু হবে। গড়চুমুক মিনি জু বড় হচ্ছে। তাই আগামী দিনে এখানে একাধিক পশুপাখি আনার পরিকল্পনা আছে।  
গড়চুমুক পর্যটন কেন্দ্রের ১২.৪৩ হেক্টর জায়গায় জুলজিক্যাল পার্ক তৈরি করেছে বনদপ্তর। হরিণের পাশাপাশি এখানে আনা হয়েছে ময়ূর, কাকাতুয়া, পাইথন, সজারু, নীলগাই, বাঘরোল, পাইথন, ম্যাকাও, কুমির ইত্যাদি। এবার সেখানে বাঘ আনা হবে। ইতিমধ্যে পার্কের ভিতরে বাঘের জায়গাও চিহ্নিত করা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
বাঘ আসার খবরে খুশি পর্যটকরা। মঙ্গলবার আমতা থেকে সপরিবারে গড়চুমুক জুলজিক্যাল পার্কে বেড়াতে এসেছিলেন সেখ সেলিম। তিনি জানান, গড়চুমুক চিড়িয়াখানায় অন্যান্য পশুপাখি থাকলেও বাঘ ছিল না। তাই শিশুরা সেভাবে আনন্দ উপভোগ করতে পারছিল না। এখানে বাঘ এলে ভালোই হবে। বাউড়িয়া থেকে আসা কাজল রায় জানান, চিড়িয়াখানা মানেই বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক। বাঘ এলে এখানকার আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ