Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে জন্মদিনে কংগ্রেস ও তৃণমূলকে মেলালেন গনি

বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস ও তৃণমূলকে মিলিয়ে দিলেন গনিখান চৌধুরী। দুই দলের তরফেই শনিবার সাড়ম্বরে পালিত হল প্রয়াত নেতার ৯৯তম জন্মদিন।

বিধানসভা নির্বাচনের আগে জন্মদিনে কংগ্রেস ও তৃণমূলকে মেলালেন গনি
  • ২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বছর গড়ালেই বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস ও তৃণমূলকে মিলিয়ে দিলেন গনিখান চৌধুরী। দুই দলের তরফেই শনিবার সাড়ম্বরে পালিত হল প্রয়াত নেতার ৯৯তম জন্মদিন। ফুল, মাল্যদান করে শ্রদ্ধা জানালেন সাংসদ ঈশা খান চৌধুরী থেকে শুরু করে পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও তৃণমূল নেতৃত্ব।  

Advertisement

১৯২৭ সালের ১ নভেম্বর মুর্শিদাবাদ জেলার সালারে জন্মগ্রহণ করেন গনিখান। মালদহের সুজাপুরের বিধায়ক হন। রাজ্যের মন্ত্রী হন। পরবর্তীকালে মালদহের সাংসদ হয়ে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভাতেও রেলমন্ত্রক সহ অন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। মালদহকে রেল মানচিত্রে যুক্ত করা, জেলার যুবকদের রেলে চাকরির ব্যবস্থা, ইংলিশবাজারে তৎকালীন সময়ে ফ্লাইওভার সহ জেলায় ছোট, বড় একাধিক প্রকল্প করে কার্যত বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। কংগ্রেস তো বটেই, মালদহে বর্তমানে যে সমস্ত প্রথম সারির তৃণমূল নেতা-নেত্রী রয়েছেন, একটা সময় প্রায় প্রত্যেকেই গনিখানের হাত ধরে রাজনীতিতে এসেছেন। এদিন একাধিক কর্মসূচি পালন করে কংগ্রেস। সকালে ইংলিশবাজার ব্লকের কোতোয়ালিতে গনিখানের বাড়িতে সাংসদ ঈশা খান চৌধুরী প্রয়াত নেতার ছবিতে পুষ্পার্ঘ্য দেওয়ার পাশাপাশি সমাধিতে শ্রদ্ধা জানান। 
ঈশা বলেন, গনিখান কখনও দল ছেড়ে যাননি। আসলে তিনি বুঝিয়েছিলেন কংগ্রেসই উন্নয়নের মূল স্রোত। মানুষের জন্য কাজ করতে করতে গনিখান থেকে বরকত সাহেব হয়ে উঠেছিলেন। তাঁর জন্মদিন শুধুমাত্র আমাদের পরিবারের নয়, মালদহবাসীর জন্য খুশির দিন হয়ে ওঠে। কংগ্রেসের পাশাপাশি তৃণমূল এদিন গনিখানের জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি নিয়েছিল। সকালে ইংলিশবাজার পুরসভার পক্ষ থেকে মুক্তমঞ্চের সামনে থাকা গনিখানের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু, জেলা যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।  কৃষ্ণেন্দু বলেন, গনিখান সিপিএমকে মহানন্দায় বিসর্জন দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। তৃণমূল তাঁর সেই ইচ্ছা পূরণ করেছে। বরকতদার স্বপ্নই ছিল মানুষের জন্য কাজ করা। তিনি মুর্শিদাবাদের সালারে জন্মগ্রহণ করলেও মালদহের রূপকার হয়ে উঠেছিলেন।  মুক্ত মঞ্চের সামনে গনিখানের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন ইংলিশবাজারের পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ