Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাসাগর মেলায় এবার ভেসেল পারাপারে ৩টি চ্যানেলের ভাবনা, জাতীয় মেলা হিসাবেই প্রস্তুতির নির্দেশ

আগামী বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল। বৃহস্পতিবার কাকদ্বীপে জেলা প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়।

গঙ্গাসাগর মেলায় এবার ভেসেল  পারাপারে ৩টি চ্যানেলের ভাবনা, জাতীয় মেলা হিসাবেই প্রস্তুতির নির্দেশ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  আগামী বছরের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল। বৃহস্পতিবার কাকদ্বীপে জেলা প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। বিজেপি সরকারে আসার পর এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রকে একাধিক চিঠি পাঠানো হয়েছে। এবার প্রত্যেক দপ্তরকে নির্দিষ্ট পরিকল্পনা, রূপরেখা তৈরির পরামর্শ দিয়েছেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা। 

Advertisement

মেলা উপলক্ষ্যে ভাটার সময় মুড়িগঙ্গা নদীতে দু’টির পরিবর্তে তিনটি চ্যানেল করে ভেসেল পারাপারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। সেচদপ্তর এই বিষয়টি দেখছে। মন্ত্রীর কথায়, প্রয়োজনে বাইরে থেকে প্রযুক্তি ব্যবহার করে এই তৃতীয় চ্যানেল করা যায় কি না তা তাদের দেখতে বলা হয়েছে। প্রতিবারের মতো এবারও প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ গঙ্গাসাগরের সি বিচ। বর্ষা শুরু হতেই সে জায়গায় ভাঙন ধরেছে। মেলার আগে পরিস্থিতি কেমন থাকে তার দিকে নজর রাখছে প্রশাসন। সেচদপ্তরকে বিশেষভাবে এই দিকটি লক্ষ রাখতে অনুরোধ করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী বলেন, ‘আগামী দিনে কীভাবে কাজ হবে তার একটি নীল নকশা তৈরি হল। এবারের মেলার জন্য কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র সৈকতের হাল ফিরিয়ে কাজ চালানোর উদ্যোগ নেওয়া হবে। পরে কচুবেরিয়া, লট এইটে স্থায়ী ঘাট বানিয়ে আরতির ব্যবস্থা হবে।’-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ