গঙ্গাসাগর মেলা: উচ্চ পর্যায়ের বৈঠক আজ
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আজ, শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক হবে সাগরে। এই বৈঠকে জেলাশাসক, মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকার কথা আছে। মেলার আয়োজন, আগামী দিনে কী কী পদক্ষেপ করা হবে, সেসবই আলোচনা হবে বৈঠকে। গঙ্গাসাগর মেলার আর বাকি মেরেকেটে দেড় মাস। তারপরই রাজ্যের অন্যতম বড়ো মেলার আসর বসবে সাগরদ্বীপে। নতুন সরকারের আমলে প্রথম গঙ্গাসাগর মেলায় কোনো ফাঁক রাখতে চাইছে না নবান্ন। তাই খোদ মুখ্যসচিব আসছেন মিটিং করতে। এবার জেলার বদলে বিভিন্ন দপ্তরের হাতে নীতি নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে। বৈঠকে মেলার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এবার মেলায় পুণ্যার্থীদের বিশ্রাম বা হোল্ডিং সেন্টারের সংখ্যা বাড়তে চলেছে। ঠান্ডার হাত থেকে যাতে পুণ্যর্থীরা রক্ষা পান, তাই বিশেষ ছাউনির পরিকল্পনা রয়েছে সরকারের। সমুদ্র সৈকতে ব্রিক স্যান্ড ব্যবহার করার কথাও সেচদপ্তরকে মৌখিকভাবে বলেছে জেলা প্রশাসন।

Advertisement