পুনর্ভবার তীরে বেনারসের চার পণ্ডিতের গঙ্গা আরতি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল,গঙ্গারামপুর: বেনারসের গঙ্গা আরতির আবহ এবার পুনর্ভবার তীরে। ৩৬তম বর্ষে গঙ্গারামপুর শহরের আশ্রম ঘাটে ছটপুজো উপলক্ষ্যে বেনারস থেকে আসা চার পণ্ডিতের বিশেষ গঙ্গা আরতি ঘিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কয়েক হাজার প্রদীপ ও মোমবাতির আলোয় সেজে ওঠে গোটা ঘাট। বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে বিশেষ প্রদীপ হাতে পণ্ডিতদের আরতি দেখতে সন্ধ্যায় আশ্রমঘাটে কার্যত জনজোয়ার তৈরি হয়।

Advertisement

গঙ্গারামপুর শহরের অন্যতম বড় ছটপুজো হয়ে আসছে পুনর্ভবা নদীর তীরের এই আশ্রমঘাটে। প্রতিবছরের মতো এবারও পুজো উপলক্ষ্যে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়েছে ঘাট। বিকেল থেকেই পুজোর ডালা নিয়ে নদীর তীরে হাজির হন ছটব্রতীরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর আয়োজন করা হয়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের উপস্থিতিতে উৎসবের আবহ আরও জমে ওঠে।
তবে এবারের বিশেষ আকর্ষণ ছিল বেনারসের আদলে গঙ্গা আরতি। উদ্যোক্তাদের উদ্যোগে বেনারস থেকে চার পণ্ডিতকে নিয়ে আসা হয়। তাঁদের বৈদিক মন্ত্রোচ্চারণ ও বিশেষ প্রদীপের আরতি দেখতে ভিড় জমান প্রচুর শহরবাসী। যাঁরা বেনারসের আরতি দেখার সুযোগ পাননি তাঁদের কাছে গঙ্গারামপুরে এমন আয়োজন ছিল বাড়তি পাওনা। আরতি শেষে বিহারের এক ভক্তিগীতি গায়কের ভজনের আসর জমে ওঠে। সূর্যপুজোর পর ছট মা‌ইয়ার ভক্তিগীতিতে মুখরিত হয়ে ওঠে পুনর্ভবার তীর।
উৎসবের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরসভার কর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসনও নজরদারি চালাচ্ছে। ড্রোনের মাধ্যমে নদীর ঘাটে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের স্পিডবোট নদীতে নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। সোমবার ভোরে সূর্যোদয়ের সময় অর্ঘ্য নিবেদনের জন্য ফের ঘাটে ভিড় জমাবেন ব্রতীরা। সেই প্রস্তুতিও চলেছে জোরকদমে। আশ্রমঘাট ছটপুজো কমিটির সভাপতি সুরেশ জয়সোয়াল বলেন, প্রতিবছর আমরা মূর্তি প্রতিষ্ঠা করে ছটপুজোর আয়োজন করি। এবার আরও ধুমধাম করে পুজো হচ্ছে। গঙ্গারামপুর পুরসভা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। পুজো শেষে দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকছে। সোমবার সাধারণ মানুষকে আনন্দ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।