‘টাকার বান্ডিল’ ধরিয়ে গয়না নিয়ে বেপাত্তা, অভিনব কায়দায় কেপমারি চক্রের পর্দা ফাঁস
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিভিন্ন রেল স্টেশনে অভিনব কায়দায় প্রতারণার জাল বিছিয়েছিল একটি চক্র। ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকা বয়স্ক মহিলা যাত্রীদের নিশানা করত তারা। টাকার বান্ডিলের প্রলোভন দেখিয়ে ওই যাত্রীদের কাছ থেকে সোনার গয়না হাতিয়ে নেওয়াই ছিল তাদের কৌশল। গোপালনগরের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই চক্রের পর্দাফাঁস করল বনগাঁ জিআরপি। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুই কেপমারকে। সেই সঙ্গে চোরাই সোনার গয়না কেনার অভিযোগে হাবড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকেও পাকড়াও করেছে পুলিশ। 

Advertisement

কীভাবে চলত কেপমারি? জানা গিয়েছে, প্রথমে স্টেশনে কোনো বয়স্ক মহিলা যাত্রীর পাশে বসে গল্প জুড়ে দিত তারা। কথাবার্তার মাধ্যমে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করত। এরপর নানা অছিলায় সামনে আনত টাকার বান্ডিল। বান্ডিলের প্রথম ও শেষ অংশে থাকত আসল টাকা। মাঝখানে থাকত শুধুই টাকার মাপে কাটা কাগজের টুকরো। যাত্রীর আস্থা কিছুটা অর্জন করা গিয়েছে বুঝতে পারলে তারা আসল কৌশল প্রয়োগ করত। কোনো জরুরি কাজের কথা বলে যাত্রীর কাছে থাকা সোনার গয়না চাইত তারা। বিনিময়ে ওই টাকার বান্ডিল দিয়ে যাবে বলে জানাত। বলা হত, তাতে এক লক্ষ টাকা রয়েছে। কিছুক্ষণের জন্য তাঁর সোনার গয়না রেখে যেতে হবে। জরুরি কাজ সেরে ফিরে এসে গয়না ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে সে। সরল বিশ্বাসে এই প্রস্তাবে রাজি হয়ে যেতেন কেউ কেউ। প্রতারকরা গয়না হাতিয়ে বেপাত্তা হত। পরে টাকার বান্ডিল খুললেই স্পষ্ট হত প্রতারণা। দিন দশেক আগে বনগাঁয়, কয়েক মাস আগে হাবড়া স্টেশন একই কায়দায় সোনার গয়না খুইয়েছেন দুই প্রবীণা। তদন্তে নেমে প্রথমে গাইঘাটা থেকে জগদীশ গাইন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে বনগাঁ জিআরপি। তাঁকে জেরা করে মছলন্দপুর থেকে গ্রেপ্তার করা হয় জয়দেব ঘোষকে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, প্রতারণা করে হাতিয়ে নেওয়া সোনার গয়না হাবড়ার ব্যবসায়ী ভোলা কর্মকারের কাছে বিক্রি করা হয়েছিল। সেই সূত্র ধরে শুক্রবার রাতে হাবড়া সোনাপট্টিতে তাঁর দোকানে অভিযান চালায় বনগাঁ জিআরপির একটি দল। পুলিশ সূত্রে খবর, ততক্ষণে কিছু গয়না গলিয়ে ফেলেছিলেন ভোলা। গলানো সোনাও উদ্ধার করেছে পুলিশ। চোরাই সোনার গয়না কেনার অভিযোগে ভোলাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতদের বনগাঁ আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা  করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, জানার চেষ্টা চালাচ্ছে জিআরপি।