Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশিদের জাল আধার, ভোটার কার্ড তৈরির চক্রের হদিশ, গ্রেপ্তার ৭

বাংলাদেশিদের জাল আধার, ভোটার কার্ড তৈরির চক্রের হদিশ, গ্রেপ্তার ৭
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলাদেশি বাসিন্দাদের জাল আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র ও কাস্ট সার্টিফিকেট তৈরি করার বড়সড় চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানা। জাল নথি বানানোর অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম চিত্তরঞ্জন সরকার, ষষ্ঠী মণ্ডল, টিটু দাস, বিশ্বজিৎ রায়, মঙ্গলু সিংহ ওরফে গৌতম, হরিকিশোর রায় ও আবেশ গুপ্তা। এদের মধ্যে চিত্তরঞ্জন ও হরিকিশোরের বাড়ি ফকদইবাড়ি, ষষ্ঠীর বাড়ি আশিঘর, চয়নপাড়ার বাসিন্দা টিটু। এছাড়া মঙ্গলুর বাড়ি রানিডাঙা, বিশ্বজিৎ গোঁসাইপুর, আবেশ দেশবন্ধুপাড়ার বাসিন্দা। চিত্তরঞ্জনের দোকানে বসেই জাল নথি তৈরি করা হতো। সোমবার দুপুরে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের একটি বহুতলে অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ক্রেতা সেজে আধার কার্ড তৈরি করতে আসে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিসের দল। কয়েক হাজার টাকায় আধার কার্ড তৈরি করে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এরপরই অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিস। চিত্তরঞ্জন সরকারের ফকদইবাড়িতে ডিজিটাল ফটো স্টুডিওতে তৈরি হতো নকল আধার কার্ড, ভোটার কার্ড ও কাস্ট সার্টিফিকেট। এদিনের অভিযানে একের পর এক নথি বেরিয়ে আসে। এরপর এসওজি এবং ভক্তিনগর থানার পুলিস গোটা বাড়িটি ঘিরে ফেলে। একেএকে সাতজনকে গ্রেপ্তার করে। ওই বাড়িতে অভিযান চালানোর সময় দুই মহিলাকে কোলের শিশু সহ দেখা যায়। তবে তাদের পরিচয় জানাতে চায়নি পুলিস। চিত্তরঞ্জন, ষষ্ঠী, টিটু জাল নথি তৈরি করত। আর বাকিরা বাংলাদেশ থেকে এদেশে লোক নিয়ে আসার এজেন্ট হিসেবে কাজ করত। এদিন কয়েক ঘণ্টা ধরে অভিযান চালায় পুলিস। পরে ভক্তিনগর থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জেরা করা হয় ধৃতদের। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা জাল নথি তৈরি করার ওই চক্রকে গ্রেপ্তার করেছি। জেরা করে একাধিক তথ্য পেয়েছি। তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ