স্বার্ণিক দাস, কলকাতা: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ। তাও বিজেপির পার্টি অফিসে! ঘটনাস্থল, বেলেঘাটার উড়িয়াপাড়া। বিজেপির গোষ্ঠীকোন্দল যে এই পর্যায়ে যেতে পারে, তা ধারণা পর্যন্ত করতে পারেননি স্থানীয়রা। একফালি পার্টি অফিস, আর তার দখলকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। এলাকাবাসীরা বলছেন, পার্টি অফিসটিতে আগে ‘ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামে একটি ক্লাব ছিল। আগের জমানায় সেটি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়। সরকার বদলের পর এর দখল নেয় বিজেপির এক গোষ্ঠী। তবে শাসকদলের আর এক গোষ্ঠীও উড়িয়াপাড়ার এই পার্টি অফিস দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই উত্তাপ এলাকাজুড়েই রয়েছে। দুই গোষ্ঠীর কোন্দলের জেরে ২২ নভেম্বর ব্যাপক উত্তেজনা ছড়ায়। তার রেশ ছিল গভীর রাত পর্যন্ত। ওই রাতেই এক নাবালককে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। করা হয় মারধরও। নাবালকের অভিযোগের ভিত্তিতেই পকসো আইনে ৩ মহিলাসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে বেলেঘাটা থানা। তাঁরা প্রত্যেকেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।
১৭ বছর বয়সি অভিযোগকারী পুলিশকে জানিয়েছে, ওইদিন রাত ৮টা ১৫ নাগাদ ব্যক্তিগত প্রয়োজনে সেই পার্টি অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সে। ভিতর থেকে তাকে ডেকে পাঠানো হয়। এরপরেই পার্টি অফিসের দরজা বন্ধ করে দেয় নবকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। নাবালকের অভিযোগ, তার সঙ্গে যৌন নির্যাতন চালায় ৩ মহিলা বিজেপি কর্মী। প্রতিরোধ করতে যায় নির্যাতিত। সেই সময়েই অভিযুক্ত পুরুষ চেপে ধরেন নাবালককে। তখন বাকি তিন মহিলা একাধিকবার তার যৌনাঙ্গে আঘাত করে। চেঁচামেচিতে নাবালকের পরিচিত দুই মহিলা ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে উদ্ধার করে এনআরএসে নিয়ে যাওয়া হয়। ২৩ নভেম্বর সেই মেডিকেল রিপোর্ট সহ থানার দ্বারস্থ হয় সে। লালবাজার জানিয়েছে, আভা পান্ডে, সোমা দাস, নবকুমার মণ্ডল ও হেনা শূরের বিরুদ্ধে পকসো আইনসহ একাধিক ধারায় মামলা হয়েছে। নির্দিষ্ট ধারার ক্ষেত্রে সাজা ৭ বছরের কম। তাই অভিযুক্তদের প্রত্যেককে আইনি নোটিশ পাঠাচ্ছে বেলেঘাটা থানা। বিজেপির কলকাতা উত্তর জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, ‘বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখব।’ স্থানীয় বিধায়ক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পালটা বলেন, ‘ওই এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো অরাজকতা চলছে। বেলেঘাটা থানা নিরপেক্ষভাবে তদন্ত করুক।’



