নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: কালীপুজোর রাতে জেলাজুড়ে কোথাও আমবাগানে, আবার কোথাও নদীর ধারে রমরমিয়ে জুয়ার কারবার চলছিল। ভাগ্য ফেরানোর আশায় জুয়ায় অংশ নেয় বহু মানুষ। এই বেআইনি কারবার রুখতে পুলিশ রাতভর অভিযান চালিয়েছে। জেলাজুড়ে আড়াইশোর বেশি জুয়াড়ি গ্রেপ্তারের পাশাপাশি ১০লক্ষেরও বেশি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে শুধু সাগরপাড়া ও লালগোলা থেকেই ১৪৫ জন জুয়াড়ি ধরা পড়েছে।
পুলিশ জানিয়েছে, সাগরপাড়া ও লালগোলা থানা এলাকায় সবচেয়ে বেশি গ্রেপ্তারি হয়েছে। রবিবার রাতে সাগরপাড়ায় ৭৫জনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৩৫হাজার টাকা বোর্ডমানি বাজেয়াপ্ত হয়েছে। লালগোলা থানা এলাকায় একরাতের অভিযানে ৭০জন গ্রেপ্তার হয়েছে। এখানেই প্রায় ১০লক্ষ টাকা বোর্ড মানি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, নদীর ধার, আমবাগান সহ বিভিন্ন নির্জন জায়গায় লুকিয়ে জুয়ার আসর বসেছিল। সূত্র মারফত খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে ওই জুয়াড়িদের গ্রেপ্তার করা হয়।
জেলার অন্য থানা এলাকাতেও অভিযান চলে। রানিনগরে ২৫, ডোমকলে ১১ ও ইসলামপুরে সাত জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। সবমিলিয়ে, ডোমকল মহকুমার বিভিন্ন থানা এলাকায় প্রায় ৪০হাজার টাকা বোর্ডমানি সহ ১১৮জন জুয়াড়ি গ্রেপ্তার হয়েছে।
বহরমপুর শহর ও লাগোয়া এলাকাতেও দীপাবলির রাতে জুয়ার আসর বসেছিল। ভাগীরথীর পাড়, রেল ময়দান ও তার আশপাশে, ফাঁকা মাঠে ও জঙ্গলঘেরা জায়গায় জুয়ার আসর বসেছিল। বেশিরভাগ জায়গায় তাস খেলা হলেও কোথাও কোথাও অনলাইন অ্যাপে টাকা লাগাতে দেখা গিয়েছে। ওই রাতে বহরমপুর থানা এলাকা থেকে ৪২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লাগাতার ধরপাকড় সত্ত্বেও জুয়ার আসর পুরোপুরি বন্ধ করা যায়নি।
একইভাবে, হরিহরপাড়া থানা এলাকায় কালীপুজোর রাতে জুয়া খেলার অভিযোগে ১৩জনকে গ্রেপ্তার করা হয়। সামশেরগঞ্জ থানার নিমতিতায় একটি আমবাগানে জুয়ার আসর চলার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। নগদ ১০হাজার ৩০০টাকা ও জুয়া খেলার সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। আরও বিভিন্ন এলাকায় জুয়াড়ি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
তবে শুধু এবারই নয়, গতবছরও কালীপুজোর রাতেও জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রচুর জুয়াড়িকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে এত পুলিশি অভিযান সত্ত্বেও দীপাবলিতে জুয়ার রমরমা যে কমছে না, তা এই পুলিশি অভিযানেই স্পষ্ট।



