ওয়েলিংটন: দুরন্ত প্রত্যাবর্তন বললেও বাড়তি বলা হবে না। প্রায় দেড় বছর পর ভারতীয় দলে ফিরেই বাংলার পেসার আকাশদীপ বুঝিয়ে দিলেন তিনি তৈরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কিউয়িরা ৩৬৮ রানে অল-আউট। তার মধ্যে আকাশদীপের শিকার ৩ উইকেট। সবচেয়ে বড়ো কথা, ২৩ ওভার বল করে মাত্র ৫৩ রান খরচ করেছেন তিনি। তার মধ্যে রয়েছে ৭টি মেডেন ওভার। কে বলবে, চোটের কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। শুক্রবারের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে আকাশদীপ বলেন, ‘রিহ্যাবের সময় গম্ভীর স্যার নিয়মিত আমার খবর নিয়েছেন। মনেই হয়নি, দলের বাইরে আছি। এটাই আমায় ফিরে আসতে উদ্দীপ্ত করেছে। বোলিংয়ের দক্ষতা বাড়ানোর দিকেও জোর দিয়েছিলাম।’
রাচীন রবীন্দ্র, কাইল জেমিসনের উইকেট ছাড়াও আকাশদীপের সব চেয়ে গুরুত্বপূর্ণ শিকার গ্লেন ফিলিপস। কারণ হেনরি নিকোলসের সঙ্গে জুটি বেঁধে এই কিউয়ি ব্যাটার যোগ করেছিলেন ২১৬ রান। শেষ পর্যন্ত ফিলিপসকে ১১৮ রানে ফেরান বঙ্গ পেসার। এই প্রসঙ্গে আকাশদীপের মন্তব্য, ‘ওই ডেলিভারিটা একটু বেশি সুইং করানোর চেষ্টা করেছিলাম। ওয়াইড অব দ্য ক্রিজ থেকে ভেতরে আনাই ছিল লক্ষ্য। এমন নয় যে, খুব ভালো বল ছিল। তবে চেয়েছিলাম, তা যেন খেলার চেষ্টা করে ব্যাটসম্যান। সেই লক্ষ্যে আমি সফল।’ সামান্য থেমে তাঁর সংযোজন, ‘রিহ্যাবের সময় বোলিং নিয়ে পরিশ্রম করেছি। যে সমস্ত জায়গায় উন্নতি করার প্রয়োজন সেখানে জোর দিয়েছি।’ প্রথম ইনিংসে ভারত ব্যাট হাতে দুরন্ত লড়াই শুরু করেছে। দিনের শেষে এক উইকেট খুইয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ১৫৯। এই প্রসঙ্গে ডানহাতি পেসারের মন্তব্য, ‘আমরা দ্রুত রান তুলতে পেরেছি। আগ্রাসী ব্যাটিং করলে প্রতিপক্ষ বোলিংয়ের পরিকল্পনা ভেস্তে যায়। দল এদিন সেটাই চেষ্টা করেছে।’



