Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নাম না করে সানিকে একহাত নিলেন গম্ভীর

বিস্ফোরক গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ একহাত নিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের।

নাম না করে সানিকে একহাত নিলেন গম্ভীর
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিস্ফোরক গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ একহাত নিয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের। তিনি অবশ্য কারও নাম করেননি। তবে তোপের লক্ষ্য যে দুই মুম্বইকর ধারাভাষ্যকারের দিকে তা পরিষ্কার। এরমধ্যে একজন যে সুনীল গাভাসকর, তা বুঝতে ক্রিকেট মহলের কারও অসুবিধা হচ্ছে না। 

Advertisement

এক অনুষ্ঠানে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গম্ভীর। সাফ বলেছেন, ভারতীয় ক্রিকেটের কেউ সামন্তপ্রভু নন। তাঁর কথায়, ‘আমি জাতীয় দলের কোচের পদে আট মাস রয়েছি। সাফল্য না পেলে সমালোচনার জন্য আমি প্রস্তুত। লোকের কাজই হল সমালোচনা করা। এমন লোকও রয়েছেন যাঁরা ২৫ বছর ধরে কমেন্ট্রি বক্সে বসে ভারতীয় ক্রিকেটকে নিজের জায়গির ভাবছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।’ সুর চড়িয়ে গম্ভীরের মন্তব্য, ‘এই লোকগুলো আমার কোচিং থেকে ২০১১ সালে ইংল্যান্ড সফরে মাথায় চোটের পর কনকাসন— সব নিয়েই প্রশ্ন তুলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ভাগ করা নিয়েও মন্তব্য করতে ছাড়েনি।’
ঘটনা হল, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাসকর। তিনি এক পত্রিকায় নিজের কলামে লেখেন, ‘টি-২০ বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড় সতীর্থ কোচদের থেকে বেশি প্রাইজ মানি নিতে চায়নি। সবার সঙ্গে ভাগ করে নিয়েছিল তা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বর্তমান কোচ গম্ভীরের থেকে এমন কিছু শোনা যায়নি। তাহলে কি দ্রাবিড়ের উদাহরণ মূল্যহীন?’ আর কনকাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের এক প্রাক্তন কোচ, যিনি ধারাভাষ্যকারও। গম্ভীর আরও বলেছেন, ‘আমার কাউকে কোনও ব্যাখ্যা দেওয়ার নেই। প্রাইজ মানি কাউকে দিয়েছি কি দিইনি, সেটা নিজের ব্যাপার। আর কাচের ঘরে থেকে কিন্তু ঢিল ছোড়া উচিত নয়।’  
রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক নিয়ে ফিসফাসকেও উড়িয়ে দিয়েছেন গম্ভীর। বলেছেন, ‘এগুলো কারা বলছে? বিশেষজ্ঞ ও কিছু ইউটিউব চ্যানেল এসব গল্প ছড়াচ্ছে। অথচ, দু’মাস আগে এই ক্যাপ্টেন-কোচই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। একবার ভাবুন, ট্রফিটা না জিতলে কী বলা হতো! ভারতীয় ক্রিকেটে রোহিতের অবদানকে আমি সম্মান করি। এটাই শেষ কথা।’ 
বিরাট কোহলি ও রোহিত কতদিন খেলবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে ক্রিকেট মহলে। এই প্রসঙ্গে গম্ভীরের বক্তব্য, ‘দল নির্বাচন কিন্তু কোচের কাজ নয়। এটা নির্বাচকদের দায়িত্ব। কোচ শুধু প্রথম ১১ বেছে নেওয়ায় মতামত রাখে। রোহিত ও বিরাট যতদিন পারফরম্যান্স করবে, ততদিনই দলে থাকবে। কোনও কোচ, কোনও নির্বাচক বা বিসিসিআই বলতে পারে না যে কার কখন অবসর নেওয়া উচিত। পারফর্ম করলে ৪৫ বছর পর্যন্ত খেলতেই বা কে আটকাচ্ছে?’ এই মুহূর্তে ভারত-পাকিস্তান সম্পর্ক একেবারে তলানিতে। দুই দেশ কোনও প্রতিযোগিতাতেও ক্রিকেট খেলুক, চান না গম্ভীর। তাঁর কথায়, ‘সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে খেলা একেবারে বন্ধ থাক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ