Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গম্ভীর গলা নামিয়ে কথা বলুক, মন্তব্য মঞ্জরেকরের

গম্ভীর গলা নামিয়ে কথা বলুক, মন্তব্য মঞ্জরেকরের
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, একের পর এক ভুল করেও চড়া সুরে কথা বলছেন গম্ভীর। তাঁকে গলা নামিয়ে কথা বলার পরামর্শ দিলেন বিজয় মঞ্জরেকরের পুত্র। ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র হওয়ার পর প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে সমালোচকদের উদ্দেশে তোপ দেগেছিলেন গম্ভীর। এটা একেবারেই মানতে পারছেন না মঞ্জরেকর। তাঁর মতে, ‘কিছু প্রশ্নে ওকে বিব্রত দেখাচ্ছে। তরুণ গিলকে ক্যাপ্টেন করার এটা সঠিক সময় কিনা তা নিয়ে ক্রিকেটবোদ্ধাদের অনেকেরই সংশয় ছিল। আর তা থাকতেই পারে। সেজন্য আমরা-ওরা বিভাজন করাটা অনুচিত।  আমরা সবাই একই দেশের। প্রত্যেকে ক্রিকেটের সঙ্গে জড়িত। গম্ভীরের উচিত, ঠান্ডা মাথায় কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া। গলা নামিয়ে কথা বলুক ও। তবে গোতি সেটা করবে কিনা, আমি নিশ্চিত নই।’ 

Advertisement

৩৭ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন মঞ্জরেকর প্রশ্ন তুলেছেন গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়েও। তাঁর কথায়, ‘গম্ভীরের বেশ কয়েকটা ট্যাকটিক্যাল ভুল সত্ত্বেও ভারত চতুর্থ টেস্ট ড্র করেছে। এটা ভুললে চলবে না যে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে ভারত। অস্ট্রেলিয়ায় গিয়েও হেরেছে টেস্ট সিরিজ। যেটুকু লড়াই দেখতে পাচ্ছি, তাতে গম্ভীরের কোনও অবদান নেই। এর কৃতিত্ব পুরোপুরি ক্রিকেটারদের। কারণ, ট্যাকটিক্সের দিকে দিয়ে কোচের কোনও সাহায্য মেলেনি। বিশেষ করে দল নির্বাচনের ক্ষেত্রে তো গম্ভীর ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে। করুণ নায়ারকে বাদ দেওয়া হয়নি বলে মন্তব্যটাও অর্থহীন। সবাই দেখেছে যে ও বাদ পড়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ