নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশের পর গ্যালিফ স্ট্রিটে বেআইনিভাবে পশুপাখি বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। শুধু পুরসভার লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের পোষ্য হিসাবে পশুপাখি বিক্রির ছাড়পত্র রয়েছে। কিন্তু অভিযোগ, গোটা হাটই কার্যত বন্ধ হয়ে হিয়েছে। বৈধ ব্যবসায়ীদের অধিকাংশই সেখানে আসছেন না। সকলেই ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রায় ৬০০ ব্যবসায়ী। সোমবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। ব্যবসায়ীদের দাবি, হাইকোর্টের নির্দেশের পর পুলিশ-প্রশাসন অতিসক্রিয়তা দেখাচ্ছে। পরপর দু’টি রবিবার কোনো ব্যবসায়ীকেই বসতে দেওয়া হয়নি। মারাত্মক প্রভাব পড়েছে তাঁদের ব্যবসায়। ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও তাঁদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছে, ৬ অক্টোবর শুনানি হবে।



