Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গায়ে গুটকার পিক, প্রতিবাদী বধূর শ্লীলতাহানি, কানে আঘাত

গায়ে গুটকার পিক, প্রতিবাদী বধূর শ্লীলতাহানি, কানে আঘাত
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: গায়ে গুটখার পিক ফেলার প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে গৃহবধূকে বেধড়ক মারধর করে দুই কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ফরাক্কার বাহাদুরপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত গৃহবধূর বাড়ি ফরাক্কা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে। ওই গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়। পরে অভিযুক্তের বিরুদ্ধে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম ছোটন মণ্ডল। বাড়ি ওই গ্রামেই।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির বারান্দায় বিড়ি বাঁধছিলেন ওই গৃহবধূ। স্থানীয় যুবক ছোটন জানালা দিয়ে গুটখার পিক ফেললে তা তাঁর গায়ে পড়ে। এর প্রতিবাদ করেন তিনি। ছোটন গালিগালাজ করলে ওই গৃহবধূ প্রতিবাদ করেন। এরপরই ছোটন মহিলার ঘরে ঢুকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তাঁকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানেই বেধড়ক মারধর করে। এমনকী তাঁকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁর দুই কান টেনে ছিঁড়ে দেয়। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে দুই কানে সেলাই করা হয়। চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
গৃহবধূ বলেন, আমার গায়ে গুটখার পিক পড়লে প্রতিবাদ করি। তাতে ছোটন রেগে গিয়ে আমাকে প্রচণ্ড মারধর করে। কাপড় চোপড় টেনে খুলে বিবস্ত্র করে দেওয়ার চেষ্টা করে। আমার শ্লীলতাহানি করে। কান ছিঁড়ে দেয়। আমি চিৎকার করি। ঘটনার পরই অভিযুক্তকে আটক করেছে পুলিস। 
বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের উপযুক্ত শান্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বলেন, গৃহবধূর উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, মহিলার গায়ে হাত তোলা ঠিক হয়নি। ওই গৃহবধূ আমার কাছে আসলে তাঁকে সব রকমের সাহায্য করা হবে।
বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা বলেন, বিষয়টি খোঁজ নেব। তবে এরকম ঘটনা ঘটলে পুলিস অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিক।
সম্পর্কিত সংবাদ