Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড় এক্সপ্রেসের বেহাল দশা, আন্দোলনের হুঙ্কার তৃণমূলের

গৌড় এক্সপ্রেসের বেহাল দশা, আন্দোলনের হুঙ্কার তৃণমূলের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: চার দশকের বেশি আগে মালদহ থেকে কলকাতায় যাতায়াতের জন্য গৌড় এক্সপ্রেস চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী বরকত গনিখান চৌধুরী। আজও দৈনন্দিন কাজে কলকাতায় যাওয়া আসা করতে মালদহের বাসিন্দাদের প্রথম পছন্দের ট্রেন এই এক্সপ্রেস। কিন্তু তার বেহাল দশা ক্রমশ ক্ষোভ তৈরি করছে মালদহের বাসিন্দাদের মনে। ট্রেনের সিটের করুণ দশা, অপ্রশস্ত শৌচালয়, আরশোলার উৎপাত, এমনকি প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরাগুলির শোচনীয় অবস্থা নিয়ে সরব অনেকে। বিষয়টি নিয়ে রেল দ্রুত পদক্ষেপ না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি। রেলের পক্ষ থেকে এবিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Advertisement
ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, গৌড় এক্সপ্রেসের একটা ঐতিহ্য রয়েছে। কিন্তু ক্রমশ রেলের উদাসীনতার শিকার হচ্ছে ট্রেনটি। দ্রুত সেটির হাল ফেরানো না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। 
সম্প্রতি মালদহ থেকে বেশকিছু আধুনিক রেল পরিসেবা চালু হয়েছে। মালদহ পেয়েছে রাজধানী, বন্দেভারত, অমৃত ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন। কলকাতায় যাতায়াতের জন্য মালদহের ওপর দিয়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনের সংখ্যাও বেড়েছে। ঝাঁ চকচকে করা হয়েছে মালদহ টাউন স্টেশনকে। এত আয়োজনের মধ্যে কোথাও যেন ব্রাত্য হয়ে রয়েছে জেলার প্রিয় ট্রেন গৌড় এক্সপ্রেস। চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের কথায়, আগেও গৌড় এক্সপ্রেসের বেহাল দশা নিয়ে আমরা সরব হয়েছি। খুব দ্রুত রেলকে আমাদের দাবি জানাব। পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলনের রাস্তায় হাঁটতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের মালদহ ডিভিশনের এক পদস্থ আধিকারিক জানান, গৌড় এক্সপ্রেস নিয়ে বিভিন্ন মহল থেকে বেশকিছু দাবি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক সময়ে পদক্ষেপ নেবে। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, গৌড় এক্সপ্রেসের হাল ফেরাতে চেষ্টা করছি। বিষয়টি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নজরেও এনেছি। এখন বিভিন্ন ট্রেনের জেনারেল কামরা তৈরির কাজ চলছে। এছাড়া নমো ভারত বলে যে ট্রেনগুলি আসছে, সেগুলির কোচ তৈরি হচ্ছে। এলএইচবি কোচ তৈরি শুরু হলেই সেগুলি গৌড় এক্সপ্রেসের জন্য আনা হবে। কবে সেই প্রক্রিয়া শেষ হবে, তা জানাতে পারেননি বিজেপি সাংসদ। মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর মন্তব্য, রেলের কোচগুলির মান, যাত্রী সুরক্ষা ইত্যাদি বুলেট ট্রেন চালুর মতোই গুরুত্বপূর্ণ। আমাদের মালদহের রেল সংক্রান্ত বেশ কয়েকটি দাবি রয়েছে। গৌড় এক্সপ্রেসের আধুনিকীকরণ তার মধ্যে অন্যতম।
সম্পর্কিত সংবাদ