অন্ত্যোষ্টি
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আইভি চট্টোপাধ্যায়: ‘বলুন। হ্যাঁ? সে কী! ও...হুমম...আচ্ছা...ঠিক আছে। আসছি আমি।’

Advertisement

এত রাতে কার ফোন? ‘আসছি’ বলল অঞ্জন। কোথায় যাবে এত রাতে? তাড়াতাড়ি উঠে এল শমিতা। ‘কার ফোন? কোথায় যাচ্ছ?’ ‘সুভাষদার ফোন। সান্যালদার বাড়ি যেতে হবে। মিসেস সান্যাল মারা গেছেন।’ ‘কী বলছ! বিকেলে হাঁটতে গিয়ে দেখা হল। আমি আর স্বাতীলেখাদি একসঙ্গে জিনিসপত্র কিনলাম!’ শমিতা বসে পড়ল।
‘এই মিসেস সান্যাল না...আগের জন।’ কথা বলতে বলতেই অঞ্জন শার্ট-প্যান্ট পরে রেডি, ‘মিস্টার সান্যাল কেন যেতে বলছেন কে জানে। সুভাষদাকে খবরটা দিয়েছেন। বলেছেন আমাকেও সঙ্গে নিয়ে যেতে।’
‘আগের মিসেস সান্যাল? তাঁকে তো আমরা চিনিই না।’ বলতে বলতে সচকিত শমিতা, ‘এত রাতে ডেকেছেন যখন...স্বাতীলেখাদির কোনো সমস্যা হল? আমি যাব সঙ্গে?’ 
‘যাবে? গেলে তো ভালোই। এমন একটা খারাপ খবর।’
‘সুভাষদা কী বললেন? মীনাক্ষীদি সঙ্গে যাচ্ছেন?’
‘অত কথা হয়নি। তুমি যাবে তো চল। সুভাষদা হয়তো দাঁড়িয়ে আছেন।’
হ্যাঁ, মীনাক্ষীদিও দাঁড়িয়ে আছেন। শমিতাকে দেখে স্বস্তি পেলেন, ‘আগের মিসেস সান্যালকে তো চিনিই না। তাঁর মৃত্যুর খবর দিয়ে আমাদের ডাকলেন কেন সান্যালবাবু?’ 
‘এত রাতেই বা কেন ডেকে পাঠালেন? কাল সকালেও তো খবরটা দিতে পারতেন।’ 

কলিংবেলে হাত দিতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই কেমন অস্বস্তি। চারজন ভদ্রলোক বসে আছেন। কিন্তু অদ্ভুত একটা নিস্তব্ধতা। নিঝুম শব্দহীনতা। 
সান্যাল নীরবতা ভঙ্গ করে পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোকরা তাঁর প্রাক্তন শ্যালক, প্রাক্তন ভায়রাভাই, প্রাক্তন খুড়শ্বশুর আর বেয়াই। বড়োছেলের শ্বশুর।
‘আর এঁরা আমার প্রতিবেশী। আমার বন্ধু। আমার আত্মীয় বলতে আর কেউ নেই। আপনারা দল বেঁধে এসেছেন। তাই এঁদের ডাকতে বাধ্য হলাম। যা বলার, এঁদের সামনে বলুন। আমার জবাব যা দেওয়ার, তা এঁদের সাক্ষী রেখেই বলব।’
আগন্তুকরা একে অন্যের দিকে তাকালেন, তারপর একজন গলা খাঁকারি দিলেন, ‘সাক্ষী রাখার মতো জটিল কিছু নয় অসিতদা। আমরা আপনাকে কোনো বিপদে ফেলতেও আসিনি। মেজদির খবরটা দিতে এসেছি। আর...’
অঞ্জনদের দিকে তাকালেন ভদ্রলোক, ‘রাতে আমার দিদি চলে গেলেন। ক্যানসার হয়েছিল। খুব যন্ত্রণা...কষ্ট...আমার দুই ভাগ্নে শিকাগো আর ডাবলিন থেকে চলে এসেছিল সময়ে। মানে মায়ের শেষসময়ে দুই ছেলে পাশে ছিল। দিদির আর আমাদের ভাগ্য।’
সান্যালের দিকে ফিরলেন আবার, ‘শুভ ফোন করে খবরটা দিল।’ 
‘আমাকে সমু খবর দিল অসিতদা,’ ভায়রাভাই বলে উঠলেন, ‘সমুর কাছেই শুনলাম মেজদির ইচ্ছের কথাটা। তারপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনার কাছে এলাম।’
‘আমি বলছি,’ শ্যালক ভদ্রলোক হাত তুলে থামিয়ে দিলেন, ‘শুভ-সমু আমাদের জানিয়েছে যে, মেজদির ইচ্ছে ছিল ওঁর শেষযাত্রা এই বাড়ি থেকে হোক। এয়োস্ত্রী সাজে...সিঁথিতে লাল সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, পায়ে আলতা, হাতে শাঁখা-পলা-নোয়া...সধবার সাজ।’ গলাটা করুণ শোনাল। 
বৃদ্ধ ভদ্রলোক চোখ মুছলেন। 
‘তাই আমরা এই অনুরোধ নিয়ে এসেছি। অসিতদা, মানছি, আপনার আর মেজদির মধ্যে যা কিছু হয়েছে, ভালো হয়নি। তবে আজ...এই অবস্থায়...এতবছর পরে সেগুলো ভুলে যাওয়া সম্ভব, না? তাছাড়া...একজন মৃত মানুষের শেষ ইচ্ছে, তার দাম দেওয়া উচিত। তাই না?’
‘ফাঁসির সাজা পাওয়া মানুষটারও শেষ ইচ্ছে জানতে চাওয়া হয়। আর সে ইচ্ছে পূরণ করাও হয়,’ বয়স্ক মানুষটি বলে উঠলেন। সান্যালের বেয়াইমশাই। 
সান্যালের চোখের দিকে তাকিয়ে গলা নামিয়ে ফেললেন, ‘একটু বিবেচনা করুন। শেষবারের মতো বিদায় দেবেন মানুষটাকে।’ 
‘একটা কথা ভুলে যাচ্ছেন আপনারা। এবাড়ি থেকে তার শেষ বিদায় একুশ বছর আগে হয়ে গেছে। আর সেটিও তার নিজের ইচ্ছেয়।’ সান্যালের গলা নিরাবেগ, কঠিন।
‘সেটা একটা বাড়ি থেকে যাত্রা ছিল। এখন পৃথিবী থেকে চিরবিদায়ের যাত্রা। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বিদায়।’ বেয়াইমশাইয়ের গলার স্বরে উত্তেজনা, ‘আপনার ছেলেদের মায়ের জীবনের শেষ রিচ্যুয়াল। একজন মৃত মানুষের সামাজিক মর্যাদার প্রশ্ন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায়।’
‘স্মৃতির প্রতি শ্রদ্ধা?’ সান্যাল তীব্রচোখে চাইলেন। 
শ্যালক বিনীতভাবে বললেন, ‘আপনার দুই ছেলেই কিন্তু চাইছে অসিতদা। ওদের মায়ের শেষ ইচ্ছে...’
‘আমার ছেলে?’ তীব্রস্বরে বলে উঠলেন সান্যাল, ‘তারা আমাকে বাবা হিসেবে স্বীকার করে? তাহলে নিজেরা সে কথা আমাকে বলতে পারল না?’
‘সংকোচ হয়েছে হয়তো। এত বছর যোগাযোগ নেই, কথা নেই, সাহস পায়নি।’ 
‘সত্‍সাহস নেই বল। মায়ের গুণগুলো সব পেয়েছে। তাই বলার সাহস নেই। একুশ বছরে একবারও তাদের মনে পড়েনি। এতবছর ধরে প্রতিমাসে আমারই টাকা গেছে তাদের মায়ের অ্যাকাউন্টে। আমারই টাকায় বড়ো হয়েছে, লেখাপড়া করেছে, লায়েক হয়ে উঠেছে। কোনোদিন আমাকে কোনো খবর দিয়েছে? বিদেশ চলে গেছে, লোকের মুখে জেনেছি। তাদের বিয়ে হয়েছে, লোকের মুখে খবর পেয়েছি। আপনিই কী এসেছিলেন একবারও?’ 
বেয়াই ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন সান্যাল, ‘ছেলের বাবাকে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকু দেখিয়েছিলেন? দেখাননি। আজ আমাকে বিবেচনা শেখাতে এসেছেন।’  
‘অসিতদা, প্লিজ আজ আর এসব কথা...’
‘এসব কথা তুলব না, তাই তো? সুভাষবাবু, অঞ্জন, আপনারা বলুন।’ 
শমিতা আর মীনাক্ষীর দিকেও তাকালেন সান্যাল, ‘কী করা উচিত আমার? যে মহিলা চূড়ান্ত ঝগড়া অশান্তি করে, ফোর নাইনটি এইট কেসে আমাকে আর আমার বৃদ্ধ বাবাকে জেল খাটিয়ে, মামলা করে খোরপোষ নিয়ে, নিজের গায়ে আগুন দেওয়ার ভয় দেখিয়ে দুই ছেলেকে কেড়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিল। তার মারা যাওয়ার পরেই হোক না কেন, এবাড়িতে ঢোকার অধিকার থাকে? তার স্মৃতির প্রতি শ্রদ্ধা আসে?’
সোজা হয়ে বসলেন সান্যাল। 
‘চাকরি চলে গেল। নতুন করে ব্যবসা শুরু করলাম। সমাজে আমার, পরিবারের বদনাম হয়ে গেল। নিজের বোনেরা পর্যন্ত সম্পর্ক রাখেনি। আত্মীয়রা সব পর। একলা একলা থেকেছি চোরের মতো মাথা নীচু করে।’
কথা বলতে বলতে হাঁফ ধরে গেল, ‘কত কুকথা, কত দুর্নাম! এই কিছুদিন আগেও। এই দুই বউদি ছিলেন বলেই...’ 
কথা শেষ না করেই উঠে দাঁড়ালেন, ‘বলুন আপনারা। ন্যায়বিচার করবেন কিন্তু। সত্যি কথা বলবেন। আপনারা যা বলবেন, তা মেনে নেব আমি।’ 
সান্যালের না-বলা কথাটা বুঝে ফেলেছে দুই বউদি মানে মীনাক্ষী আর শমিতা। 
মীনাক্ষী বিয়ে হয়ে আসার পরপরই সান্যালের ডিভোর্স হয়েছিল। তারপর ওঁর বাবা চলে গেলেন। একা একা থাকতেন সান্যাল। সুভাষ সঙ্গে করে নিয়ে যেতেন ক্যাম্পাসের সোসাইটি মিটিংয়ে, দুর্গাপুজোর মিটিংয়ে। বাড়িতেও ডাকতেন। মীনাক্ষীর চারপেয়ে ছেলের সঙ্গে খুব ভাব হয়ে গেল সান্যালের। এখনও প্রায়ই রকির জন্য ডগ-বিস্কিট, ট্রিট, রকমারি খেলনা নিয়ে আসেন। 
অঞ্জন-শমিতা এই ক্যাম্পাসে এসেছে বছর দশেক। পাশের বিল্ডিংয়ে মুখোমুখি ফ্ল্যাট সান্যালের। অঞ্জন নিজেই আলাপ করেছিল, চায়ের আমন্ত্রণ জানিয়েছিল।  
ততদিনে নানামুখে সান্যালের ডিভোর্স, ডিভোর্স-পূর্ববর্তী নানা কেচ্ছার গল্প শুনে ফেলেছে শমিতা। ডিভোর্স নিয়ে কোর্ট-কেস, জমি-বাড়ি নিয়ে বোনেদের সঙ্গে মামলা— মানুষটার জীবনে অনেক গল্প।  
শুধু মীনাক্ষীদি বলেছিলেন, ‘বাইরে থেকে কী সব জানা যায়?’
তারপর বছর তিন আগে আবার হইহই। সান্যাল বিয়ে করেছেন। ষাট বছর বয়সে বিয়ে। রেজিস্ট্রি করে বিয়ে। কোনো অনুষ্ঠান, প্রীতিভোজ হয়নি। একদিন সুভাষ-অঞ্জন দু’জনকে সস্ত্রীক বাড়িতে ডেকে নববধূর সঙ্গে আলাপ করিয়ে দিলেন অসিত সান্যাল। চমত্‍কার মেয়ে। মেয়ে না বলে মহিলা বলাই উচিত। ছাপ্পান্ন বছর বয়স। নিজেই বলল নতুন বউ, ‘আর চারবছর পর রিটায়ার করব।’
স্থানীয় ডাকঘরে পোস্টমাস্টার হয়ে এসেছিলেন স্বাতীলেখা মণ্ডল। সেখানেই আলাপ দু’জনের। 
‘মন দেওয়া নেওয়া কাকে বলে জানি না, তবে ওর আর আমার বিয়ে করার কারণটা এক,’ সান্যাল হাসিমুখে বলেছিলেন।
স্বাতীলেখার গল্প মধ্যবিত্ত অনেক পরিবারের দায়িত্বশীল মেয়ের চেনা গল্প। বাবা-মায়ের সংসারের হাল ধরে, তিন ভাইবোনকে লেখাপড়া শিখিয়ে, বিয়ে দিয়ে একলা মেয়ে। কাউকে পাশে পায়নি। ভাইবোনেরা আর দিদির খবর নেওয়ার সময় পায় না। দুই একাকী মানুষ একে অন্যের মায়ায় জড়িয়েছেন। সান্যাল আর স্বাতীলেখার সংসার গুছিয়ে উঠেছে বেশ। 
‘আপনি যদি অনুমতি দেন,’ সুভাষদা তাকালেন সান্যালের দিকে, ‘আমি এঁদের একটা কথা জিজ্ঞেস করতে চাই।’
সান্যাল অল্প ঘাড় নাড়লেন। 
‘আমার প্রশ্নটা একটু কঠিন শোনাবে তাই আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অসিত আমার বহুদিনের বন্ধু। ভাইয়ের মতো। সোনালিকেও চিনতাম। ওদের পারিবারিক অনেক ঘটনার সাক্ষী আমি। আমার প্রশ্ন, যদি ঘটনাটা উলটো হত, সোনালির জায়গায় আজ যদি অসিত...’ একটু থেমে সান্যালের কাঁধে হাত রাখলেন, ‘তাহলে কী ছেলেদের এই আবেগ দেখতে পেতাম? অসিতের শেষযাত্রায় ওর ছেলেদের মায়ের উপস্থিত থাকার দাবি আপনারা মেনে নিতেন? এয়োস্ত্রী...সধবা স্ত্রী এসে অন্ত্যেষ্টিক্রিয়ায় স্ত্রীর যাবতীয় কর্তব্য পালন করতেন?’
‘এই...কী বলছ তুমি...’ মীনাক্ষীদি চাপা স্বরে সুভাষদাকে থামাতে চাইলেন।
‘সরি। ঈশ্বর অসিতকে দীর্ঘায়ু দিন এই প্রার্থনা।’ সুভাষদা একই গলায় বললেন, ‘তবু আমার প্রশ্নের উত্তর দিন ওঁরা।’
আগন্তুকরা চুপ। কেউ দেওয়ালের দিকে, কেউ মাটির দিকে তাকিয়ে বসে রইলেন। 
‘এক মিনিট...’ সান্যাল উঠে দাঁড়ালেন, ‘আমি আসছি।’ পর্দা সরিয়ে দ্রুত ঘরে ঢুকে গেলেন।  
ফিরে এলেন, হাতে একটা গোল ছোটো প্লাস্টিকের বাক্স। শ্যালকের হাতে দিলেন সেটা, ‘সুভাষদা সধবার সাজের কথা বললেন বলে মনে পড়ে গেল। তোমার দিদি যাওয়ার সময় এই সব শাঁখা-পলা-নোয়া আমার মুখে ছুড়ে দিয়ে গেছিল। সিঁদুর পরা তো আগেই ছেড়েছিল। বলেছিল, ওর ঘেন্না হয় এগুলো দেখলে। এখন হঠাত্‍ এয়োস্ত্রী সাজ...সধবা সাজের সাধ হল কেন বুঝলাম না। এই নাও, এগুলো নিয়ে যাও। এগুলো পরিয়ে শেষ ইচ্ছা পূরণ করে দাও।’
‘কিন্তু অসিতদা, মেজদির ইচ্ছে এই বাড়ি থেকে...’
‘তোমার দিদির ইচ্ছে হয়েছিল এবাড়ি থেকে চলে যাওয়ার, ইচ্ছে হয়েছিল সব ছুড়ে ফেলে চুরমার করে ভেঙে দেওয়ার, ইচ্ছে হয়েছিল দুই ছেলেকে পর্যন্ত সঙ্গে নিয়ে যাওয়ার, ইচ্ছে হয়েছিল আমাকে সর্বস্বান্ত করে দেওয়ার। আজ আবার ইচ্ছে হয়েছে...’ উত্তেজনায় হাঁফ ধরে গেছে সান্যালের, ‘আমার ইচ্ছের কোনো মূল্য নেই? আমার কোনো ইচ্ছে থাকতে পারে না?’ 
অঞ্জন উঠে আগলে ধরল, ‘শান্ত হন।’
অঞ্জনের হাত শক্ত করে ধরলেন সান্যাল, ‘মানুষটা মরে গেছে বলেই কী তার সব দোষ মাফ হয়ে যায়? দিনের পর দিন, বছরের পর বছর সেইসব অসংখ্য অপমানের মুহূর্ত, যন্ত্রণা, একা একা সব সহ্য করা, একাকিত্বের দুঃসহ অবস্থা! দু’-দুটো ছেলে থাকা সত্ত্বেও আমি নিঃসন্তান বৃদ্ধাবস্থা কাটাচ্ছি। কে জবাব দেবে এই অন্যায়ের? কী অপরাধ করেছিলাম আমি?’
‘একা একা তো সে-ও ছিল সারাজীবন। শেষদিন পর্যন্ত একলা।’ ভায়রাভাই বললেন, ‘একাই থেকেছে। একা হাতে ছেলেদের মানুষ করেছে। আমরা চেয়েছিলাম আবার সংসার করুক। সে আর বিয়ে করেনি।’  
‘না। কক্ষনো না। ও কক্ষনো একলা ছিল না। দুই ছেলে ছিল কাছে। ওর শেষদিন পর্যন্ত ছিল। এখনও আছে। আর আমার সংসার করার কথা তুলে খোঁটা দিচ্ছেন?’
‘একাকিত্ব কতটা যন্ত্রণা...উনি কীভাবে তিলতিল করে কষ্ট পেয়েছেন, আমরা তার সাক্ষী,’ মীনাক্ষীদি বলে উঠলেন, ‘ওঁর বিয়ে, ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।’
কিছুক্ষণ সবাই চুপ। ঘরের কোণের সবুজ এরিকা পামগাছের পাতাগুলো হাওয়ায় দুলছে। মৃদু একটা শব্দ ছড়িয়ে পড়ছে ঘরের মধ্যে। 
‘অসিতদা, ছেলেদের মুখ চেয়েও কী আপনি...’
‘না। নো।’ এত জোরে ‘নো’ বলে উঠেছেন সান্যাল যে, সবাই চমকে উঠেছেন। 
আর কেউ কিছু বলার চেষ্টা করলেন না। 
ভদ্রলোকরা বেরিয়ে গেলেন, বাইরে গাড়ির আওয়াজটা দূরে চলে গেল। তখনও স্থির বসে রইলেন সান্যাল। তারপর মৃদু গলায় বললেন, ‘সরি। এত রাতে ডেকে পাঠালাম। এদের সঙ্গে একা কথা বলার মতো জোর পাচ্ছিলাম না।’
‘সরি কীসের? অবশ্যই ডাকবেন। আমাদের ডেকেছেন সে নিয়ে আবার সরি বলবেন!’

বাড়ি ফিরে অঞ্জন চুপচাপ শুতে চলে গেল। কথা বলতে ইচ্ছে করছে না শমিতার। অসিত সান্যালের মুখের অজস্র ভাঙাচোরা...বুক ফেটে যাওয়া সংলাপ...মনটা ভার হয়ে আছে। আর কত কষ্ট পাবেন মানুষটা।
অদেখা অচেনা মিসেস সান্যালের কথাটাও মাথায় ঘুরছে। যে ঘর-সংসার নিজে ছেড়ে গেছে, তার প্রতি কীসের এত টান? যে স্বামীকে অপদস্থ করে, ঘৃণা করে ছেড়ে গেছে, তার দেওয়া সিঁদুর মাথায় নিয়ে শেষযাত্রার ইচ্ছে? কীসের আবেগ? অনুতাপ? নাকি এ-ও এক প্রতিশোধ? নাকি ভালোবাসা? সান্যালই বা এতবছর ধরে সেই মহিলার শাঁখা-পলা গুছিয়ে রেখেছিলেন কেন?
সত্যিই মানুষের মন যে কী ধরে রাখে, আর কোন কোন আবেগ লালন করে!
ঘণ্টির শব্দে অঞ্জন আর শমিতার ঘুমটা ভেঙে গেল। জানলার বাইরে কালো আকাশ। সেলফোন নিয়ে সময় দেখল। সাড়ে চারটে। এত ভোরে কে এল? দরজার বাইরে...সান্যাল। 
‘সরি, এত ভোরে বিরক্ত করলাম। প্লিজ এই চাবিটা রাখুন। ওরা সকাল দশটা নাগাদ এসে পড়বে।’
‘কারা আসবে?’
‘আমার ছেলেরা আসবে তাদের মাকে নিয়ে। চাবিটা দিয়ে দেবেন প্লিজ। আর বলবেন, চাইলে অন্ত্যেষ্টির পরের সব কাজ, সমস্ত অনুষ্ঠানই এই বাড়িতে করতে পারে। আমরা দিন কুড়ির জন্য বাইরে যাচ্ছি।’
‘মানে? আপনি মত বদলেছেন?’
‘হ্যাঁ। স্বাতীলেখা বোঝাল আমায়। মৃত মানুষের শেষ ইচ্ছে... সেটুকু মেনে নেওয়ার মতো উদারতা দেখাতে পারবে না? যা চাইছে, দিয়ে দাও। হয়তো এই সম্পর্কে তোমার শুধু দেওয়ারই কথা ছিল। ছেলেরা এই প্রথম তোমার কাছে কিছু চেয়েছে...’
‘তাহলে...চলে যাচ্ছেন কেন?’
‘আমার থাকা না-থাকায় কিছু এসে যায় না। ছেলেরা মায়ের শেষ কাজ করুক। আমাকে তাদের দরকার নেই।’ 
একটু হাসলেন সান্যাল। হাসিটা কান্নার চেয়েও করুণ।
‘সেই মানুষটার কাছে আমি বহুদিন আগেই মৃত। আমার ভাবনা, আমার আবেগের কোনো দাম ছিল না তার কাছে। তাই ছেলেদের কাছে এমন ইচ্ছে জানিয়ে গেছে। মৃত মানুষের শেষ ইচ্ছে। অন্ত্যেষ্টিক্রিয়া। 
যিনি মারা গেছেন, তাঁর ইচ্ছের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষবিদায় দেওয়া। কিন্তু...’ অন্ধকার আকাশের দিকে চোখ ফেরালেন সান্যাল, ‘সেটা করতে গিয়ে আমি একজন জীবিত মানুষকে, যাঁর কাছে আমার বেঁচে থাকাটা জরুরি, তাঁকে অসম্মান করতে পারি না। আচ্ছা, আসি তাহলে?’
বারান্দার ঠিক বাইরে একটা মেহগিনি গাছ। তার পাশেই মিস্টার সান্যালের সাদা গাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছেন স্বাতীলেখা। স্বামীর যাত্রাসঙ্গী হবেন। আকাশ থেকে একটা সাদা আলো এসে পড়েছে মুখে।
অঙ্কন: সুব্রত মাজী