Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞায় মাথাচাড়া দেবে মৌলবাদীরা, আশঙ্কা

আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞায় মাথাচাড়া দেবে মৌলবাদীরা, আশঙ্কা
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশে আওয়ামি লিগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদেশের ইউনূস সরকার। এই নিষেধাজ্ঞা আরোপ হতেই বাংলাদেশিদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের মতে, আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা আরোপ হলে দেশে মৌলবাদীরা মাথা চাড়া দেবে। ভারতের সঙ্গে সম্পর্কে আরও চিড় ধরবে বলে মনে করছেন তাঁরা। রবিবার পেট্রাপোল সীমান্তে আসা বাংলাদেশি নাগরিকদের অনেকের মুখেই শোনা গেল সেই আশঙ্কার কথা। রবিবার বাংলাদেশের সাতক্ষীরা তুলসিডাঙা ঘোষপাড়া থেকে মাকে সঙ্গে নিয়ে এদেশে চিকিৎসার জন্য এসেছেন এক ব্যবসায়ী। বনগাঁর চাঁদপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যান তাঁরা। সে দেশের সরকারি সিদ্ধান্তের কথা জানতে চাইলে বৃদ্ধার জবাব, ‘দেশে আওয়ামি লিগ নিষিদ্ধ হলে জামাতের উত্থান হবে। মৌলবাদীরা মাথাচাড়া দেবে। হিন্দুদের উপর অত্যাচার আরও বাড়বে।’ ফরিদপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এদিন সস্ত্রীক পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন। বৃদ্ধ দম্পতির দাবি, বাংলাদেশে আওয়ামি লিগ নিষিদ্ধ হলে আমাদের (হিন্দুদের) পাশে থাকার আর কেউ থাকবে না। এখনই হিজাব পরে ঘুরতে হচ্ছে। টিপ, সিঁদুর পড়তে ভয় লাগছে। জানি না আগামীদিনে কী হবে।’

Advertisement

জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামি লিগ ও দলের নেতা-কর্মীদের বিচার না হওয়া পর্যন্ত ওই দলের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অচলাবস্থা শুরু হয়েছে। সেদেশে হিন্দুদের উপর জামাতের অত্যাচার বেড়েছে। এমতাবস্থায় আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। এমনটাই মনে করছেন বাংলাদেশি নাগরিকদের একাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ