নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর প্রথম সন্তান কে? প্রায় সবাই চোখ বুজে রাহুলের নাম বলবেন। কিন্তু রাহুলের আগেও এক সন্তানের জন্ম হয়েছিল রাজীব-সোনিয়ার। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে জন্মের একদিন পরেই মৃত্যু হয় তাঁদের প্রথম সন্তানের। মঙ্গলবার প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ প্রথমবারের মতো নিজের এই গভীর শোকের কথা তুলে ধরেছেন সোনিয়া।
১৯৬৮ সালের সেপ্টেম্বর মাস। মা হতে চলেছেন সোনিয়া গান্ধী। পুত্রবধূর এই সুখবরে স্বভাবগম্ভীর ইন্দিরা গান্ধীও আবেগাপ্লুত হয়ে পড়েন। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি, নির্দিষ্ট সময়ের দু’মাস আগেই নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন সোনিয়া গান্ধী। গোটা পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র একদিন। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, ‘শিশুটিকে যখন ইনকিউবেটরে রাখা হল, তখন আমি প্রথম কান্না ওর শুনতে পেলাম। পরে রাজীব আমাকে তাকে দেখতে নিয়ে গেল—একটি ছোট্ট, নিখুঁত গড়নের শিশু। ঘন কালো চুল আর লম্বা-সরু আঙুল। প্রথম দেখাতেই আমরা তার প্রেমে পড়ে গেলাম। সকাল সাড়ে ছ’টা নাগাদ অ্যামি আন্টিকে সঙ্গে নিয়ে রাজীব আমাকে দুঃসংবাদটি জানাল।আমি অঝোরে কাঁদছিলাম। আর রাজীব—যাকে ছোটবেলা থেকেই আবেগ চেপে রাখার শিক্ষা দেওয়া হয়েছিল—সেও অঝোরে কেঁদেছিল।’ অ্যামি কৃষ্ণা ছিলেন ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত কর্মীবাহিনীর একজন সদস্য।
সেই সময়ে শহরের বাইরে ছিলেন ইন্দিরা গান্ধী। খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে হাসপাতালে আসেন তিনি। কিন্তু পরদিন তাঁকে চলে যেতে হয়। এর পরেই শিশুটির শেষকৃত্যের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কারণ হিন্দু রীতি অনুযায়ী নবজাতককে দাহ করা যায় না। সেই সময়ে কথা বলার পরিস্থিতিতে ছিলেন না সোনিয়া। শুধু নিজের প্রথম শিশুকে নদীতে ভাসিয়ে দিতে চাননি তিনি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়, মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারে শিশুটিকে সমাহিত করা হবে। এই সন্তান হারানোর আঘাত দীর্ঘকাল তাঁকে তাড়া করেছে। সময়ের সঙ্গে সঙ্গে ‘দুঃখের মেঘ কাটতে শুরু করে।’ সেই বছরের অক্টোবরে সোনিয়া রাজীবকে জানান যে, তিনি ফের গর্ভবতী হয়েছেন। ১৯৭০ সালের ১৯ জুন জন্ম হয় রাহুলের।
স্বভাবগতভাবে অন্তর্মুখী সোনিয়া গান্ধী নিজের জীবনের নানান অধ্যায় তুলে ধরেছেন এই বইয়ে। নিজের স্বাস্থ্য নিয়েও নানান বিষয় উল্লেখ করেছেন। শুধুমাত্র হাঁপানি, অ্যালার্জি বা পেটের সংক্রমণ নয়, দু’বার ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০১০ সালে স্তন ক্যান্সারের অস্ত্রোপচারের এক বছর পর, ফলো-আপ পরীক্ষার সময় অগ্ন্যাশয়ে আরও একটি টিউমার ধরা পড়ে। এর কয়েক বছর পর, ২০১৬ সালের আগস্ট মাসে, উত্তরপ্রদেশের বারাণসীতে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় জ্ঞান হারিয়েছিলেন সোনিয়া। সেই প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে র্যালি চলতে থাকায় আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। একটা সময়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সেই সময়ে আমি রাজীবকে দেখি। ও হাসছিল। যেন বলতে চাইছিল, সব ঠিক হয়ে যাবে।’



