নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পাথর থেকে মাটি, গাছ থেকে কাঠ। প্রতিমা আর মণ্ডপসজ্জায় বাহারি উপাদানের ব্যবহার নতুন নয়। তবে সে সবের রকম ফেরে চমক দিতে এবারও তৈরি হচ্ছে হুগলি জেলা সদরের একাধিক পুজো। কোথাও পাথর কেটে তৈরি হচ্ছে দেবীপ্রতিমা। কোথাও দেবীর অঙ্গ পাতার সাজে সবুজ। আবার কোথাও মাটির প্রতিমাই সেজে উঠছে অভিনব সাজে। বাঙালির প্রাণের পুজো মানেই হাজার রংবাহার। তাতে বাড়তি আকর্ষণ জুড়ছে অভিনব প্রতিমা থেকে মণ্ডপ।
চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সর্বজনীনের পুজোর আলাদা পরিচিতি আছে। প্রতিবছর সরকারি, বেসরকারি একাধিক পুরস্কার উদ্যোক্তারা পেয়ে থাকেন। পুজোর আয়োজনও বড়। এবার সেখানেই ছ’টনের বিরাট আয়তনের পাথর কুঁদে তৈরি হচ্ছে দেবীর অবয়ব। শুধু দেবী দুর্গাই নয়, সপরিবারে দেবী এবং মহিষাসুরের প্রতিমা একই পাথরে তৈরি করা হচ্ছে। প্রায় ছ’ফুট দৈর্ঘ্যের সেই প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। উদ্যোক্তাদের এবারের আকর্ষণ জগন্নাথধামে দুর্গাপুজো। তাই নিমকাঠ দিয়ে তৈরি হচ্ছে জগৎপ্রভু, বলভদ্র আর সুভদ্রার চিরপরিচিত অবয়ব। উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্ত(বটা) বলেন, সবদিক দিয়েই অভিনব পুজোর আয়োজন করা হয়েছে। চুঁচুড়ায় পাথরের প্রতিমা এই প্রথমবার আমরাই দর্শকদের কাছে তুলে ধরব। নিমকাঠের জগন্নাথ আর জগন্নাথধামে দুর্গোৎসবও বাড়তি আকর্ষণ হবে।
শতবর্ষ পার করেছে চুঁচুড়ার প্রতাপপুর সর্বজনীনের পুজো। একদা একচালার পুজো আর বনেদিভাব থেকে তারা বেরিয়েছে অনেককাল হল। সময়ের ধারায় মিশে বেশ কিছু বছর ধরে থিমের প্রতিমা আর মণ্ডপসজ্জায় মেতেছেন উদ্যোক্তারা। প্রতাপপুরের মণ্ডপসজ্জা আর প্রতিমা পরিবেশ সচেতনতাকে ভিত্তি করে গড়ে উঠছে। ঘর সাজানোর জন্য পরিচিত গোছা গোছা গাছ দিয়ে তৈরি হবে মণ্ডপ। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপসজ্জায় গাছ নয়, গাছের বাহারেই তৈরি হবে মণ্ডপ। আপাতত আড়াই হাজার গাছ দিয়ে চলছে মণ্ডপ তৈরির কাজ। মণ্ডপের সবুজের বাহার যেমন থাকছে তেমনি দেবীও ‘সবুজ’। রঙে নয়, বাহারে। মাটির প্রতিমার অঙ্গসজ্জায় ব্যবহার করা হবে গাছের পাতা। শতাব্দী প্রাচীন পুজো উদ্যোক্তারা এবার সবুজের আবাহনেই নবীন সময়ের পুজোকে তুলে ধরতে পণ করেছেন। ক্লাবের প্রবীণ পৃষ্ঠপোষক সমীর সরকার বলেন, আমাদের প্রাণের পুজোয় এবার সবুজের রূপটান। ঘরে-বাইরে, মণ্ডপে প্রতিমায় সবুজের সমারোহ। আমাদের অভিনব আয়োজন দর্শকদের আকর্ষণ করবে।
বর্ষার দাপট এখনও যায়নি। তার মধ্যেই শরতকে টেনে এনেছেন পুজো উদ্যোক্তারা। চুঁচুড়ার শহুরে পথের আনাচে কানাচে চলছে মণ্ডপ থেকে প্রতিমা সজ্জার কাজ। তারই মধ্যে অভিনবত্বের মোহন সুর হাতছানি দিয়ে ডাকছে। পুজোর বহু আগেই শারদীয়ার গন্ধ মাতোয়ারা শহর চুঁচুড়া। নিজস্ব চিত্র