নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের বিধাননগর পূর্ব থানা এবং নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় তিনটি চুরির কিনারা করল পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত রবিবার ভোররাতে সল্টলেকের বি এল ব্লকে এক অধ্যাপকের বাড়িতে চুরি হয়েছিল। সেই ঘটনায় দায়ান ঘরামি নামে একজনকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। তাকে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বিধাননগর পূর্ব থানার পুলিস জানিয়েছে, চুরির সমস্ত মালপত্রও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে সেগুলি বাড়ি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, গত ৩ সেপ্টেম্বর যাত্রাগাছি-বারাসত রুটের একটি বাস থেকে এক ব্যক্তির মোবাইল চুরি যায়। ওইদিনই তিনি ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মোট সাতটি মোবাইল উদ্ধার করা হয়েছে।



