পুরাণ থেকে কৃষ্ণনগরের ইতিহাস  জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে থিমের বৈচিত্র্য
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো। প্রতি বছর মণ্ডপসজ্জার অভিনবত্বে দর্শনার্থীদের নজর কাড়ে শহরের বিভিন্ন পুজো কমিটি। এবছরও তার ব্যতিক্রম নয়। কোথাও মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ, কোথাও রামায়ণের কাহিনি, আবার কোথাও বিষ্ণুর দশ অবতারের চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। শুধু পৌরাণিক কাহিনি নয়, কৃষ্ণনগরের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকেও থিমের মাধ্যমে তুলে ধরছে একাধিক পুজো কমিটি। ফলে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে এবার দেখা মিলছে মহাকাব্যের গল্প থেকে শহরের শিকড়ের কথা।

Advertisement

মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের নানা মুহূর্ত তুলে ধরছে রাধানগর আদি বারোয়ারি। মহাভারতের যুদ্ধের বিভিন্ন পর্বকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা এই থিমের মূল ভাবনা। নাজিরাপাড়া বারোয়ারির মণ্ডপে থাকছে রামায়ণের নানা কাহিনি। ছবি ও আলোকসজ্জার মাধ্যমে রামায়ণের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। দুই মহাকাব্যের কাহিনি মণ্ডপসজ্জায় ফুটে ওঠায় দর্শনার্থীদের কাছে এই পুজোগুলি বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই ধারণা। ক্লাব প্রভাত সংঘের মণ্ডপে দেখা যাবে বিষ্ণুর দশ অবতারের রূপ। বিষ্ণুর বিভিন্ন অবতারের আদলে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। 
তবে এবারের পুজোয় শুধু পৌরাণিক কাহিনি নয়, কৃষ্ণনগরের নিজস্ব ঐতিহ্যও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ক্লাব মাদলের মণ্ডপে তুলে ধরা হচ্ছে শহরের নানা সাংস্কৃতিক দিক। কৃষ্ণনগরের পরিচিত সাং প্রথা, বিভিন্ন স্লোগান ও শহরের বিখ্যাত মিষ্টি সরপুরিয়া ও সরভাজার ফুটে উঠছে মণ্ডপসজ্জায়। কৃষ্ণনগরের সংস্কৃতি ও পরিচিতির সঙ্গে জড়িয়ে থাকা এই বিষয়গুলিকে এক ছাদের তলায় তুলে ধরার চেষ্টা করছে পুজো কমিটি।
কলেজস্ট্রিট কর্মকার বাড়ির পুজোয় ফিরে দেখা হবে কৃষ্ণনগরের অতীত। শহরের আদি নাম ছিল রেউই। সেই সময়ের কৃষ্ণনগর কেমন ছিল, কীভাবে শহরের পরিচয় গড়ে উঠেছিল, সেই পুরানো দিনের চিত্রই মণ্ডপসজ্জা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। 
নাজিরাপাড়া বারোয়ারির সদস্য বিজয় হালদার বলেন, আমরা এবছর দর্শনার্থীদের কাছে পৌরাণিক কাহিনি তুলে ধরার কথা ভেবেছি। ছবি এবং আলোকসজ্জাগ রামায়ণের দৃশ্যপট মণ্ডপ জুড়ে ফুটে উঠবে। 
আবার ক্লাব মাদলের সদস্য সায়ন তরফদার বলেন, কৃষ্ণনগরের ইতিহাস নিয়ে আগে অনেক বারোয়ারি কাজ করেছে, কিন্তু আমাদের কাজটা ভিন্ন। এখানে কৃষ্ণনগরের ঐতিহরের সঙ্গে কৃষ্ণনগরের চর্চিত বিষয়গুলি নিয়ে কাজ করা হয়েছে।