সংবাদদাতা, উলুবেড়িয়া: কালীপুজোকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব উলুবেড়িয়ায়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে গিয়েছে। কোথাও কিউট কালী আবার কোথাও বড়মা, কোথাও দশভুজা কালী। যেমন উলুবেড়িয়ার খলিশানি নেতাজি সংগ্রামী সংঘের পুজো এবার ৬৯ বছরে পদার্পণ করল। এই পুজোর এবারের ভাবনা মায়ের এক অঙ্গে অনেক রূপ। পুজোকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জামবেড়িয়া বড়মা সেবাদল ও ভক্তবৃন্দের পুজোর এবার চতুর্থ বর্ষ। এখানে বড় মায়ের আদলে মূর্তি তৈরি করা হয়েছে। ২৭ বছরে বাড়বেড়িয়া অ্যাকশান কমিটি কিউট কালী মায়ের মূর্তি তৈরি করেছে। এই পুজোকে কেন্দ্র করেও একাধিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের পুজোর ৫০ তম বর্ষ। এই পুজো কমিটির এবারের আকর্ষণ দশভুজা কালী।



