বন্ধ ক্যান্টিন থেকে হস্টেল! এসআরএফটিআই  পড়ুয়ারা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড়, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সিপিএম সাংসদের
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় একমাস হতে চলল সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) পড়ুয়াদের অবস্থান। উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁদের এই অবস্থান চলছে। এর মাঝে ঝড়ঝাপটাও কম পোয়াতে হচ্ছে না পড়ুয়াদের। ৬ পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে ক্যান্টিন বন্ধ। কাজেই পড়ুয়াদের বাইরে থেকে খাবার খেতে হচ্ছে। ক্লাসরুম থিয়েটার, জিম, মিউজিক রুম সবই বন্ধ করে দেওয়া হয়েছে। নোটিস দিয়ে পড়ুয়াদের ক্যাম্পাস ছাড়তে বলা হয়েছে। তবে ক্যাম্পাস ছাড়তে কেউই রাজি নন। এর মধ্যেই ক্যাম্পাসের অন্দরে ফিল্ম স্ক্রিনিং করছেন পড়ুয়ারা। পায়েল কাপাডিয়া, বিক্রমাদিত্য মোতওয়ানের মতো পরিচালকদের সঙ্গে অনলাইনে বাক্যালাপও করছেন। সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও সুরেশ গোপীকে আক্রমণের ঘটনার তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন।

Advertisement

এসআরএফটিআই এই মুহূর্তে কার্যত উপদ্রুত এলাকা। বাইপাসের ধারের এই কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানুষ সমান ব্যারিকেড দিয়ে ঘেরা। মূল ফটকের উপর কাটা তারের জাল বসানো হয়েছে। এসআরএফটিআইয়ের পড়ুয়া সুদীপ চক্রবর্তী বলছিলেন, ‘এসআরএফটিআই একটি ওপেন ক্যাম্পাস। আমাদের এখানে সিনেমা দেখানো হয়। সকলে আসতে পারেন। এমনকি লকডাউনের সময়ও আমাদের কেউ বেরিয়ে যেতে বলেনননি। তাছাড়া এভাবে পড়ুয়াদের বহিষ্কার করা যায় না। পড়ুয়ারা আইনি নোটিস পাঠিয়েছেন।’ পড়ুয়াদের প্রশ্ন, ভিন রাজ্য থেকে অনেক পড়ুয়া এই প্রতিষ্ঠানে পড়তে আসেন। তাঁদের কাছে রাজ্যের সম্মানহানি হচ্ছে না কি? তাঁদের আরও বক্তব্য, এসআরএফটিআই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামিয়া মিলিয়া, জেএনইউ, যাদবপুর, আইআইটি মুম্বইতে যেভাবে আক্রমণ হচ্ছে, এখানেও তাই। 
পড়ুয়াদের অভিযোগ, অ্যাডমিন বিল্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। ফলত, সেখানকার জল, শৌচালয় ব্যবহার করা যাচ্ছে না। মেস-ক্যান্টিন বন্ধ করে দেওয়ার ফলে ভিন রাজ্যের পড়ুয়াদের বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করতে হচ্ছে। এমতাবস্থায়, উপাচার্যের পদত্যাগের দাবিতেই অনড় পড়ুয়ারা।