বাইক থেকে ট্রাক, বিমা না থাকলে জরিমানার চালান কাটবে টোলপ্লাজা
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিমা না থাকলে টোলপ্লাজা চালান কাটবে। বাইক থেকে ট্রাক, ডাম্পার সব ক্ষেত্রেই একই পদক্ষেপ নেওয়া হবে। বিমা না করে অনেকেরই গাড়ি চালানোর প্রবণতা রয়েছে। এবার বিমাবিহীন গাড়ি টোলপ্লাজা পেরলে আর রক্ষা নেই। ই-চালান মোবাইলে পৌঁছে যাবে। প্রথম বারে দু’হাজার টাকা চালান কাটা হবে। পরের ধাপে দ্বিগুণ টাকা নেওয়া হবে। প্রয়োজনে চারচাকা গাড়ির ফাস্টট্যাগ থেকে টাকা কাটা হতে পারে। এক আধিকারিক বলেন, বিমা থাকলে গাড়ির চালকদেরই সুবিধা। সে জন্য অল্প কিছু টাকা জমা করতে হয়। সেটাও অনেকেই দিতে চান না। কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সমস্যা বাড়ে। বিমার মেয়াদ শেষ হওয়ার আগেই গাড়ি মালিকদের মোবাইলে মেসেজ যায়। কিন্তু, তারপরও অনেকে ভ্রুক্ষেপ করেন না। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে নিরাপত্তাতেও জোর দেওয়া হচ্ছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য হামেশায় দুর্ঘটনা হয়। এখন অতিরিক্ত গতিতে গাড়ি চালালে জরিমানার জন্য চালকদের প্রস্তুত থাকতে হয়। গাড়ি কত স্পিডে চলছে তা বোর্ডে দেখানো হয়। বিভিন্ন জায়গাতেই বোর্ড লাগানো হয়েছে। এছাড়া সিসি ক্যামেরাতেও নজরদারি চালানো হচ্ছে। গাড়ি ফিটনেসেও জোর দেওয়া হচ্ছে। বহু পুরানো গাড়ি রাস্তায় ছুটছে। কিছু বাসের রেজিস্টেশন ৮০ দশকে রয়েছে। কয়েক দিন আগে এমনই একটি বাস রায়নায় উলটে যায়। যন্ত্রাংশ ভেঙে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছিল। পুরানো গাড়ি রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই দুর্ঘটনা হচ্ছে। বহু সরকারি বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বাস গুলিও ধাপে ধাপে তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Advertisement

যাত্রীদের দাবি, মাঝ রাস্তায় হামেশায় সরকারি বাস বিকল হয়ে যায়। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই সমস্ত বাস গুলি আগেই তুলে নেওয়া দরকার। তা না হওয়ায় যাত্রীদের খেসারত দিতে হয়। ওই বাস গুলির বিমা রয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আধিকারিকদের দাবি, এবার থেকে আর রক্ষা পাওয়া যাবে না। বাস বা চারচাকা গাড়ি কোনো না কোনো সময় টোলপ্লাজা পার হয়। বিমা করা না থাকলে অতিরিক্ত টাকা জমা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চালানের টাকা জমা না করলে জরিমানার পরিমাণ বাড়তেই থাকবে। তারপরও টাকা জমা না দিলে বাড়িতে আইনি নোটিস পৌঁছাবে বলে আধিকারিকদের দাবি।