Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় গণেশ ও হরগৌরী মন্দিরে উদ্বোধন ঘিরে উন্মাদনা

কালনায় গণেশ ও হরগৌরী মন্দিরে উদ্বোধন ঘিরে উন্মাদনা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: কালনা শহরের প্রাচীন যোগীপাড়া কানাদিঘির হরগৌরী ও গণেশ মন্দির নবরূপে সেজে উঠল। রবিবার মন্দিরের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সোনারাম সরকার, সম্পাদক মনোরঞ্জন সরকার, সুব্রত রায় প্রমুখ। আগামী দিনে নবরূপে হরগৌরীর মূর্তি ও গণেশ মূর্তি প্রতিষ্ঠা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৫৬ সালে কালনা শহরের যোগীপাড়ায় কানাদিঘি এলাকায় কয়েকজনের উদ্যোগে চড়ক উৎসব শুরু হয়। সেই থেকেই বারোয়ারিভাবে শুরু হয় চড়ক ও হরগৌরী পুজো। প্রথম দিকে মন্দির বলতে টিনের ছাউনি দেওয়া ঘর ছিল। পরবর্তীতে গড়ে ওঠে স্থায়ী একটি মন্দির। তবে, সেটাও ভগ্নদশায় ছিল। কালনা শহরের বিদ্যাবাগীশপাড়ার বাসিন্দা সুব্রত রায় মন্দিরটি নবরূপে গড়ে তোলার উদ্যোগ নেন। বর্তমানে কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির গড়ে উঠেছে। মন্দিরে আনা হয়েছে ভিয়েতনাম পাথরের গণেশ মূর্তি। এছাড়াও মন্দিরের প্রাচীন হরগৌরী মূর্তি পূজিত হবেন। চড়ক উপলক্ষ্যে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ মন্দিরে পুজো দেন। চড়কেরও আয়োজন করা হয়। সামনেই নীলপুজো ও চড়ক। সেই উপলক্ষ্যে মন্দিরে বহু সন্ন্যাসী আসতে শুরু করেছেন। রবিবার নবনির্মিত মন্দিরের উদ্বোধন করে ছোট্ট মেয়ে শ্রীপর্ণা রায়। 

Advertisement

কমিটির কোষাধ্যক্ষ গৌতম দাস বলেন, যোগীপাড়া কানাদিঘি চড়ক পুজো কালনার প্রাচীন ঐতিহ্য। শুরু থেকে নিষ্ঠার সঙ্গে পুজো ও চড়ক হয়, যা দেখতে হাজার হাজার মানুষ হাজির হয়। মন্দিরটি ভগ্নদশায় ছিল। সেখানে সুদৃশ্য মন্দির গড়ে উঠেছে। কালনা শহরের আরও কয়েকটি মন্দির সুব্রতবাবুর উদ্যোগে নির্মিত হয়েছে। এরজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ