বিনামূল্যে পুলিশের কোচিং ক্যাম্প, পথ দেখাচ্ছে ময়নাগুড়ি থানা
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১৩:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: আইনের রক্ষক পুলিশ। তাঁরা মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নাগরিকদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে অপরাধ দমন করা প্রতিটিই পুলিশের কর্তব্য। এবার পুলিশে নিয়োগের জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্পের আয়োজন করল ময়নাগুড়ি থানা। আজ, বুধবার ময়নাগুড়িতে চালু করা হল 'পথপ্রদর্শক প্রজেক্ট'। এই প্রজেক্টের সূচনা করেন জলপাইগুড়ি জেলার এসপি সুজাতা কুমারী বীণাপাণি। তিনি ছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, ধুপগুড়ির এসডিপিও অরিন্দম পাল চৌধুরী, ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস সহ বিশিষ্ট সমাজসেবীরা।

Advertisement

বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে এক ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। পাশাপাশি যোগা প্রতিযোগিতা হয়। পরবর্তীতে ময়নাগুড়ি ফুটবল ময়দানে ফুটবল খেলায় মুখোমুখি হয় ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত বনাম চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 'এর আগে ময়নাগুড়ি থানায় বিনামূল্যে যে কোচিং ক্যাম্পের আয়োজন করা হয়েছিল তার মধ্য থেকে ৩০ জনের কনস্টেবলের চাকরি হয়েছিল। পুনরায় সেই প্রজেক্ট চালু করা হচ্ছে। ২০০০ এর উপরে ছেলেমেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। খাবার থেকে শুরু করে পিটি ইউনিফর্ম দেওয়া হবে। দৌড় শেখানো হবে। অফলাইন ও অনলাইন দুটি পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। এর মাধ্যমে আরও অনেক ছেলেমেয়েদের পুলিশে নিয়োগ করা হবে।'