রঘুনাথপুরে স্টিল কারখানার জনশুনানি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, অবরোধ রজ্য সড়ক
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১২:৩২
Prefer us on Google

সংবাদদাতা,রঘুনাথপুর: রঘুনাথপুর-১ নম্বর ব্লকের হুড়রা এলাকায় একটি স্টিল প্রস্তুতকারক কারখানা তৈরি হতে চলেছে। সেই সংক্রান্ত বিষয়ে আজ রঘুনাথপুর মহকুমা শাসকের দপ্তরে জনশুনানি চলছে। জনশুনানি চলাকালীন বড়সড় বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। সকাল থেকেই মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেন হুড়রা সহ কয়েকটি গ্রামের কয়েকশো গ্রামবাসী। তাদের অভিযোগ, এই জনশুনানি সম্পূর্ণ প্রহসন। পরে তারা রঘুনাথপুর-সাঁওতালডিহি রাজ্য সড়কে বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

 বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, 'আইন অনুযায়ী জনশুনানির ৩০ দিন আগে গ্রামে মাইকিং, পঞ্চায়েতে বাংলায় প্রকল্পের রিপোর্ট রাখার কথা। কিন্তু তাদের গ্রামে কিছুই জানানো হয়নি। হঠাৎ করে আজ মহকুমা শাসকের অফিসে শুনানির খবর পেয়ে তারা ছুটে এসেছেন। কোম্পানি কর্তৃপক্ষ নিজেদের কর্মী ও বাইরের লোকদের গ্রামবাসী সাজিয়ে ভেতরে ঢুকিয়ে জনশুনানি করাচ্ছে। প্রকৃত প্রভাবিত গ্রামবাসীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে পুলিশি ঘেরাটোপ করে রাখা হয়েছে। আমরা শিল্পের বিরুদ্ধে নই।' রঘুনাথপুরে শিল্প হোক, কর্মসংস্থান হোক, তা তারা চান। কিন্তু তাদের আপত্তি শিল্পের আড়ালে রেড ক্যাটাগরির মারণ ব্যাধি যুক্ত স্পঞ্জ আয়রন কারখানা নিয়ে।

 বিক্ষোভকারী রাজেন টুডু, স্বদেশপ্রিয় মাহাত বলেন, 'আমরা দেখেছি রঘুনাথপুরের অন্যান্য স্পঞ্জ আয়রন কারখানার জন্য কি অবস্থা হয়েছে। চারদিকে কালো ধুলো, পুকুরের জল কালো, ধান জমি নষ্ট, ছেলে-বুড়ো সবার শ্বাসকষ্ট, সিলিকোসিস রোগ। আমরা কোনোভাবেই আমাদের এলাকায় এই মারণ কারখানা হতে দেব না।'

 ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাদের প্রশ্ন, কেন প্রকল্পের জমিতে জনশুনানি না করে ১৫ কিলোমিটার দূরে মহকুমা শাসকের অফিসে শুনানি করা হচ্ছে? কেন গ্রামবাসীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? এখনো মহকুমা শাসকের অফিসের ভেতরে জনশুনানি প্রক্রিয়া চলছে। বাইরে গ্রামবাসীদের বিক্ষোভ জারি রয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা ভেতরে উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত এই জনশুনানি বৈধ বলে গণ্য হয়, নাকি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বাতিল হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রঘুনাথপুর শিল্পাঞ্চল।