Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে মেধাবী পড়ুয়াদের  ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্সের বিনামূল্যে কোচিং

দুর্গাপুরে মেধাবী পড়ুয়াদের  ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্সের বিনামূল্যে কোচিং
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মানকরের প্রান্তিক চাষির মেয়ে বর্ণালী মাড্ডি। দরিদ্র আদিবাসী পরিবারের মেয়ে বর্ণালী ছোটবেলা থেকেই মেধাবী। এখন সে দুর্গাপুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষার কোচিং দেওয়ার মতো সামর্থ্য বর্ণালীর পরিবারের ছিল না। কিন্তু এবার দরিদ্র পরিবারের মেয়ে বর্ণালীও নামী সংস্থার কোচিং পাবে। শুধু বর্ণালী নয়, এরকম ১০০জন মেধাবী পড়ুয়াকে চিহ্নিত করে কোচিং দেওয়ার ব্যবস্থা করেছে দুর্গাপুর মহকুমা প্রশাসন।

Advertisement

দুর্গাপুর এখন এডুকেশন হাব। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার কোচিংয়ে যে সমস্ত বড় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রয়েছে, সেগুলির প্রত্যেকটির শাখা রয়েছে দুর্গাপুরে। কোচিংয়ে আয় হওয়া টাকার একাংশ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে সমাজগঠনে ব্যবহারের নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী দুর্গাপুর মহকুমা প্রশাসন ওই সমস্ত প্রতিষ্ঠানকে প্রস্তাব দিয়েছে, দুঃস্থ মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে কোচিং দিতে হবে। প্রাথমিকভাবে একটি বেসরকারি প্রতিষ্ঠান তাতে রাজি হয়েছে। দুর্গাপুরের টিএন হাইস্কুল ও পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের মেধাবী পড়ুয়াদের নিয়ে প্রথম পর্যায়ের কোচিং শুরু হচ্ছে। প্রশাসন এই উদ্যোগের নাম দিয়েছে ‘স্টিল কিন্ডলার’। মেধাবী পড়ুয়াদের একটি পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা স্টিল কিন্ডলার হিসেবে বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবে।
বুধবার দুর্গাপুরের সৃজনী হলে মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে কর্মসূচির সূচনা হয়। তিনি বলেন, বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে কোচিং এই প্রথম। তবে সরকারি উদ্যোগে মেধাবী পড়ুয়াদের কোচিং আগে থেকেই চলছে। দুর্গাপুর টিএন হাইস্কুলে তফসিলি জাতি-উপজাতির পড়ুয়াদের আগে থেকেই কোচিং দেওয়া হয়। দুর্গাপুরের বিধাননগর গার্লস স্কুলে ওবিসি ও জেনারেল ক্যাটেগরির পড়ুয়াদেরও কোচিং দেওয়া হয়। অন্য স্কুলেও তা চালু করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ