Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিনামূল্যে বাসযাত্রা, খুশি মহিলারা

বিনামূল্যে বাসযাত্রা, খুশি মহিলারা
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার নবান্ন সভাঘরে বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক শেষে বিজেপির বিধায়করা জানান, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেওয়া হচ্ছে। কলকাতার একাধিক মহিলা এ কথা জানার পর নিজেদের আনন্দের কথা তুলে ধরেছেন। 

Advertisement

কয়েকবছর আগে দিল্লিতে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তীকালে অন্যান্য রাজ্যেও কোথাও কোথাও মহিলাদের সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। কোথাও অর্ধেক ভাড়া নেওয়া হয় মহিলা যাত্রীদের কাছ থেকে। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর বৈঠক শেষে সংবাদমাধ্যমের কাছে একাধিক বিধায়ক জানান, ১ জুন থেকে রাজ্যে মহিলাদের আর বাসভাড়া দিতে হবে না। সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন তাঁরা। 
এ কথা শোনার পর মানিকতলার বাসিন্দা ইতি সাহা বলেন, ‘এটা হলে খুব ভালো। মহিলাদের হাতে তো আর সেরকম টাকা-পয়সা থাকে না। যাতায়াত ফ্রি হলে আমাদের অনেক সুবিধা হবে।’ কাঁকুড়গাছির বাসিন্দা শম্পা ঘোষ বলেন, ‘হলে তো ভালোই হবে। আমাদের অনেক সুবিধা। আশা করি নতুন সরকার মহিলাদের স্বার্থে আরও বেশি কাজ করবে।’ তবে  কামালগাজির বাসিন্দা ভারতী দত্ত বলেন, ‘রাত ৯টার পর উল্টোডাঙা থেকে গড়িয়া পর্যন্ত সরকারি বাসই তো পাই না। আগে বাস চলুক তারপর ফ্রিতে যাতায়াতের সুবিধার কথা ভাবব। একসময় এই রুটে অনেকগুলি সরকারি বাস চলত। এখন সব উঠে গিয়েছে।’
প্রসঙ্গত সরকারিভাবে এখনও পর্যন্ত মহিলাদের বিনামূল্যে যাত্রা সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। বা রাজ্যের কোনো মন্ত্রী বা আধিকারিক সরকারিভাবে এই ঘোষণা করেননি। তবে প্রশাসন সূত্রে খবর, খুব দ্রুত এই সংক্রান্ত অর্ডার জারি হতে পারে। দপ্তরকে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ