আয়কর ও জিএসটি অফিসার সেজে ২ কেজি সোনা হাতিয়ে উধাও প্রতারকরা
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আয়কর ও জিএসটি অফিসার সেজে সোনার গয়নার ম্যানুফ্যাকচারিং ইউনিটে ঢুকে কোটি টাকার সোনা হাতিয়ে উধাও হল প্রতারকরা। গত মঙ্গলবার দুপুরে পার্ক স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। সব মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় আড়াই কোটি টাকার সোনা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পার্ক স্ট্রিট থানা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের একটি অভিজাত বহুতলে ওই ইউনিট রয়েছে। সেখান থেকে সোনার গয়না বিক্রিও করা হয়। সামনেই রয়েছে সংশ্লিষ্ট জুয়েলারি সংস্থার অফিস। মঙ্গলবার দুপুরে ইউনিটে ঢোকে চারজন। তাদের মধ্যে দুজন জিএসটি অফিসার ও দুজন আয়কর অফিসার হিসাবে নিজেদের পরিচয় দেয়। অফিসে কর্মীরা ছিলেন। জিএসটি অফিসার বলে পরিচয় দেওয়া দুজন কর্মীদের বলে, ‘এখানে জিএসটি ফাঁকি দিয়ে ব্যবসা চলছে।’ তারপর কাগজপত্র বার করে পরীক্ষা করতে শুরু করে। আয়কর অফিসার হিসাবে পরিচয় দেওয়া দুজন জানায়, তাদের আয়কর ফাঁকি ধরা পড়েছে। সেখানে থাকা সোনার বাট, সোনার চুড়ি ও বালা  মিলিয়ে দেখার জন্য বার করতে বলে। সমস্ত কিছু দেখার পর তারা জানায়, হিসাবে গরমিল রয়েছে। প্রায় ২ কেজি সোনার হিসাব মিলছে না। এই কথা বলে সোনার বাট, ১৮০টি সোনার চুড়ি ও ২০টি বালা ‘বাজেয়াপ্ত’ করে তারা। সেগুলি নিয়ে আবাসনের নীচে রাখা গাড়িতে উঠে তারা চম্পট দেয়। কিন্তু কোনও সিজার লিস্ট দেয়নি। পরে দোকানের মালিক জানতে পারেন, তারা জিএসটি বা আয়কর অফিসার নয়। তখন অভিযোগ করেন পার্ক স্ট্রিট থানায়। তদন্তে নেমে পুলিশ সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা খতিয়ে দেখে চারজনকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের গাড়িও শনাক্ত করা হয়েছে বলে খবর। 

Advertisement