সংবাদদাতা, তারকেশ্বর: সস্তায় ই-বাইকের যন্ত্রাংশ বিক্রির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হুগলি জেলা সাইবার ক্রাইম থানা। জাতীয় সাইবার পোর্টালে ১১টি অভিযোগ জমা পড়েছে অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতের নাম আরিক ভট্টাচার্য। বাড়ি তারকেশ্বর থানার তালপুর গ্রামে। অভিযোগ, অচেনা নম্বর থেকে ফোন ও এসএমএস করে বলা হতো ‘ই-বাইকের যন্ত্রাংশ কিনবেন?’। এইভাবে কম দামের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছিল। স্বল্পমূল্যে ই-বাইকের যন্ত্রাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। অনলাইনের মাধ্যমে টাকা নিলেও দেওয়া হতো না ই-বাইকের যন্ত্রাংশ। জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১টি অভিযোগ জানার পরে তদন্ত শুরু হয়। জানা যায়, সাধারণ মানুষকে ঠকিয়ে ১ লক্ষ ৮ হাজার ২০০ টাকা হাতিয়েছে প্রতারক।



