নিজস্ব প্রতিনিধি, বরানগর: ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নামে পরপর সাইবার প্রতারণর অভিযোগে নাগেরবাজার থানার পুলিশ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম তপন মুখোপাধ্যায় ও তমাল বন্দ্যোপাধ্যায়। ধৃতদের কাছ থেকে একাধিক আধার কার্ড, একটি মোবাইল ফোন, সিম কার্ড সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তমালের নামে ছ’টি আধার কার্ড নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ওই আধারকার্ডগুলি নকল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোঘাট থানা এলাকায় তপন মুখোপাধ্যায়ের নামে সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ তদন্তে নেমে নাগেরবাজার থেকে তপনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে তমালের খোঁজ পায়। তদন্তে পুলিশ জানতে পারে, ধৃত তপনের ব্যাংক অ্যাকাউন্ট বাস্তবে পরিচালনা করতেন তমাল। ধৃতদের সোশ্যাল মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজ্ঞাপন দিত। এরপর হোটেল বুকিংয়ের নাম করে প্রতারণা চক্র চালাত। প্রতারণার টাকা রাখা হত ধৃত তপনের ব্যাংক অ্যাকাউন্টে। যার বিনিমিয়ে তপনও লাভ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সেই সব তথ্য তদন্তকারীরা যাচাই করে দেখছেন। তমাল জেরায় নিজের পরিচয় নিয়ে যা জানিয়েছেন তাও যাচাই করে দেখা হচ্ছে। কারণ, তমালের থেকে উদ্ধার হওয়া ছটি আধারকার্ডে নৈহাটি, যাদবপুর, ঘাটশিলা, পাতিপুকুর, বরানগর, শিলিগুড়ির ঠিকানা রয়েছে। তমালের সঙ্গে সাইবার প্রতারণা ও ভুয়ো আধার কার্ড চক্রের যোগ রয়েছে কি না পুলিশ তদন্ত শুরু করেছে।