ব্রিটেন থেকে গিফ্ট পাঠানোর নামে আড়াই লক্ষের প্রতারণা
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অ্যাপের মাধ্যমে পরিচয় দু’জনের। ‘সোশ্যাল মিডিয়ার বন্ধু’ জানিয়েছিলেন, তিনি ব্রিটেনের বাসিন্দা! সে কথা বিশ্বাস করে বন্ধুত্ব করেছিলেন বাগুইআটির তরুণী। অনলাইনেই কথাবার্তা হতো। কথা বলতে বলতে একসময় গিফটের প্রসঙ্গ তোলে সেই বন্ধু। তরুণীকে জানায়, তাঁর জন্য একটি দামি উপহার পাঠিয়েছেন ভারতে। কিন্তু, তা দিল্লিতে আটকে রয়েছে। ক্লিয়ারেন্সের জন্য তরুণীর সাহায্য চায়। তরুণী অনলাইনে আড়াই লক্ষ টাকা পাঠিয়েও দেন। তারপরই বুঝতে পারেন, ব্রিটেনের নাগরিক আসলে ছদ্মবেশী প্রতারক! পুরো বিষয়টি নিয়ে তরুণী বাগুইআটি থানায় অভিযোগও দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে ১৫ সেপ্টেম্বর সোশ্যাল অ্যাপের মাধ্যমে তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের আলাপ। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন আগে ওই যুবক তরুণীকে বলেন, আমি ব্রিটেন থেকে যে দামি গিফট পাঠিয়েছি, সেটি দিল্লির কাস্টমসে আটকে আছে। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য সে তরুণীর সাহায্য চায়। কারণ, তার ডেবিট কার্ডের সমস্যা রয়েছে! সে তরুণীকে বলে, ক্লিয়ারেন্সের টাকাটা পেমেন্ট করে দিতে। পরে সে তরুণীকে ওই টাকা পাঠিয়ে দেবে। যেহেতু, বন্ধুত্ব হয়েছিল, তাই তরুণী সত্যি ভেবে ওই ফাঁদে পা দিয়ে ফেলেন।

Advertisement

যুবকের কথায় বিশ্বাস করে মোট ২ লক্ষ ৫৭ হাজার টাকা পেমেন্ট করে দেন। কিন্তু, গিফট মেলেনি। তারপরই তরুণী বুঝতে পারেন, তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। সোমবার তরুণী বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তও শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ডিজিটাল এভিডেন্সের উপর ভিত্তিতে করে অভিযুক্তের খোঁজ চলছে। সেই সঙ্গে তরুণী যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, সেই অ্যাকাউন্টধারীর তথ্য জানতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, এই ধরনের অপরাধ এর আগেও ঘটেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অচেনা মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। কিন্তু, সচেতন থাকতে হবে। অসতর্ক হলেই বিপদ!