সংবাদদাতা, বালুরঘাট: প্রতারণা ও হুমকির মামলায় ফের অস্বস্তিতে পড়লেন অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। বুধবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট জেলা আদালত। জানা গিয়েছে,অভিনেতার আইনজীবী আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু অভিনেতার আগাম জামিন খারিজ করে দেন।
এব্যাপারে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদন খারিজ করেছেন বিচারক।
আদালত সূত্রে খবর, টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে সিনেমার জন্য টাকা দিয়েছিলেন বালুরঘাটের এক প্রযোজক তরুণ দাস। তিনি পেশায় ব্যবসায়ী হলেও শখ থেকে বেশ কয়েকটি সিনেমা তৈরি করেছিলেন। তরুণবাবুর অভিযোগ, ২০১৮ সালে সিনেমা তৈরির জন্য অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই সিনেমার পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী। সোহমের দাবি মেনে চেকের মাধ্যমে প্রথম দফায় ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমা তৈরি করা নিয়ে টালবাহানা করে গিয়েছেন সোহম। পরে সিনেমা না হওয়ায় ১৫ লক্ষ টাকা ফেরত চান তিনি।
তরুণবাবু জানিয়েছেন, এ নিয়ে গত ১৯ মে কলকাতার একটি ঠিকানায় দেখা করতে যান তিনি। সেখানে সোহমের ম্যানেজার তাঁকে রীতিমতো অপমান করেছেন। এমনকী টাকাও ফেরত দেয়নি। নিরুপায় হয়ে অবশেষে গত ২১ মে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সেই মামলায় বালুরঘাট জেলা আদালতে মামলা চলছে। এদিন অভিনেতা সোহম চক্রবর্তীর আইনজীবী শেখর দাশগুপ্ত বলেন, অভিযোগকারী টাকা দিলেও সিনেমার কাজ শুরু হয়নি। তবে আমার মক্কেল সময় চেয়েছিলেন। এদিন আদালত আগাম জামিনের আবেদন খারিজ করেছে। অর্ডারের কপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।