নিউ ইয়র্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে লড়াইয়ে নামার আগে চেনা ছন্দে ফ্রান্স। সোমবার প্রস্তুতি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারাল দিদিয়ের দেশঁর ছেলেরা। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক মাইকেল ওলিসের। উল্লেখ্য, ঘরের মাঠে আইভরি কোস্টের কাছে অপ্রত্যাশিত হারের মুখ দেখেছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সোমবার নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় অবশ্যই স্বস্তিতে রাখবে কোচ দেশঁকে। ম্যাচে পূর্ণশক্তির দল নামিয়েছিলেন তিনি। বিরতির পর অবশ্য এমবাপে, উপামেকানো ও মাইগনানকে ছাড়া সকলকে পরিবর্তন করেন ফ্রান্স কোচ। ম্যাচে ওলিসে হ্যাটট্রিক করলেও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট হয় ফ্রান্সের।
বিশ্বকাপের অভিযান শুরু করার আগে জয়ে ফিরল স্পেনও। সোমবার পেরুকে ৩-১ গোলে হারাল লুই ডে লা ফুয়েন্তে ব্রিগেড। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন মিকেল ওয়ারজাবাল ও পেড্রি। অপর গোলটি পেড্রো গালেসের আত্মঘাতী। উল্লেখ্য, ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে স্প্যানিশ আর্মাডা। তার আগে এই জয় অবশ্যই স্বস্তিতে রাখবে কোচ ফুয়েন্তেকে। বিশেষত ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অনুপস্থিতিতে উইং থেকে একের পর এক আক্রমণ তুলে আনেন ফেরান তোরেসরা। এমনকি, রক্ষণে ভরসা জোগালেন পাও কুবার্সি ও অ্যামেরিক লাপোর্তে জুটি।
এদিকে, উজবেকিস্তানের বিরুদ্ধে নাটকীয় জয় তুলে নিল নেদারল্যান্ডস। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে ডাচদের এগিয়ে দেন কডি গাকপো। তবে সংযোজিত সময়ে ইগোর সেরগেভের গোলে সমতায় ফেরে উজবেকিস্তান। এই পর্বে মনে হয়েছিল, বিশ্বকাপের আগে ফের একবার হোঁচট খাবে রোনাল্ড কোম্যান ব্রিগেড। তবে সংযোজিত সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে ফের একবার জাল কাঁপিয়ে দলকে জয় এনে দেন গাকপো।