সংবাদদাতা, বালুরঘাট: গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করতে হলেই রেফার করা হয় রোগীদের। এমন ঘটনা বালুরঘাট জেলা হাসপাতালে রুটিন মাফিক হয়ে গিয়েছে। চিকিৎসক ও পরিকাঠামো থাকলেও শুধুমাত্র যন্ত্রাংশের অভাবে অস্ত্রোপচারে গতি নেই বালুরঘাট জেলা হাসপাতালে। এবার সেইকাজে গতি আনতে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হচ্ছে ফ্র্যাকচার টেবিল। ফ্র্যাকচার টেবিলের মাধ্যমে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হবে বালুরঘাটেই। দীর্ঘদিন আগে এই মেশিনটি হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তা কার্যত পড়ে থেকে নষ্ট হয়। মেশিনটি বিকল থাকায় গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা যাচ্ছিল না। এবার এই মেশিন চলতি মাসেই আসতে চলেছে।
হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, হাসপাতালে ফ্র্যাকচার মেশিন ছিল। কিন্তু তা অকেজো হয়ে ছিল। এবার নতুন মেশিন আনা হচ্ছে। মেশিনটি এলে অস্ত্রোপচারে গতি বাড়বে। যে অস্ত্রোপচার বালুরঘাটে করা যাচ্ছিল না, সেগুলি করা যাবে। রেফারও কমবে।
সূত্রের খবর, বালুরঘাট জেলা হাসপাতালে অস্থি বিভাগে বড় অপারেশন হয় না। বিশেষ করে হাসপাতালে দুর্ঘটনায় জখম ছোটখাটো অস্ত্রোপচার করা হত। সামান্য জটিল বা গুরুতর জখম রোগী এলেই তাঁকে দ্রুত রেফার করে দেওয়া হয়। সম্প্রতি হাসপাতালে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে। ফ্র্যাকচার টেবিল এলে আরও বড় অস্ত্রোপচার করা যাবে। বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে তিনজন অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। হাসপাতালে অস্ত্রোপচার বাড়াতে সম্প্রতি আস্থা বিভাগ করা হয়েছে। প্রয়োজন হলেই এই বিভাগের মাধ্যমে সরাসরি হাসপাতাল সুপারের নির্দেশে এই অস্ত্রোপচার হবে। কিন্তু হাসপাতালে পরিকাঠামো থাকলেও ফ্র্যাকচার টেবিল বা মেশিনের অভাবে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করা যাচ্ছিল না। ফ্র্যাকচার মেশিন এলে অস্ত্রোপচারের সংখ্যা বেড়ে যাবে।
শুধু তাই নয়, বড় অস্ত্রোপচার করতে হলে রোগীকে দক্ষিণ দিনাজপুর জেলা ছেড়ে মালদহ বা রায়গঞ্জে যেতে হয়। এবার সেই হয়রানিও কমবে বলে মনে করছেন ডাক্তাররা।