কারারা (কুইন্সল্যান্ড): ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এখন ছোট শহরেও আন্তর্জাতিক ম্যাচ দিচ্ছে বিসিসিআই। সেই পথে হাঁটল ক্রিকেট অস্ট্রেলিয়াও। ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচটি হবে কারারা ওভালে। কুইন্সল্যান্ডের এই মাঠে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত খেলেছে মাত্র দু’টি টি-২০ ম্যাচ। ‘লো স্কোরিং গ্রাউন্ড’ হিসেবেই যা পরিচিত। বছরের অধিকাংশ সময় এখানে রাগবি খেলা হয়। তাই স্কোয়ার বাউন্ডারি বেশ বড়। চার-ছক্কা হাঁকাতে দুই দলের ব্যাটারদের অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে।
আপাতত পাঁচ ম্যাচের সিরিজের ফল ১-১। প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। মেলবোর্নে সহজে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে হোবার্টে সিরিজে সমতা ফেরান ওয়াশিংটন সুন্দররা। অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ হেরেছে ভারত। টি-২০ সিরিজ জিততে না পারলে প্রবল সমালোচনার মুখে পড়বেন কোচ গৌতম গম্ভীর। এই কারণে চতুর্থ টি-২০ খুবই গুরুত্বপূর্ণ। গত ম্যাচের সাফল্য ভারতীয় ক্রিকেটারদের অনেকটাই চাপমুক্ত করেছে। গোল্ডকোস্টে পৌঁছে শুভমান গিল, অভিষেক শর্মা নেমে পড়েছিলেন সমুদ্রের নীল জলরাশিতে গা ভেজাতে। ক্রিকেটাররা গ্রুপ ছবিও তুলেছেন। একটানা ম্যাচ খেলে ক্রিকেটাররা কিছুটা ক্লান্ত। বৃহস্পতিবার চতুর্থ লড়াই। তার আগে তরতাজা হয়ে ওঠাও খুব জরুরি।
কোচ গৌতম গম্ভীর সাধারণত উইনিং কম্বিনেশন নিয়ে খুব বেশি কাটাছেঁড়া করতে চান না। তবে কারারা ওভালের পিচ মন্থর হয়ে থাকে। সেক্ষেত্রে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। তাছাড়া বাউন্ডারি বড়। তাই অতিরিক্ত স্পিনার খেলানোর সুযোগ থাকছে। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে তো আছেনই। গত ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে খেলানো হয়েছিল। তিনি এই ম্যাচেও খেলবেন। কারণ, আর এক বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে দেশে ফেরত পাঠানো হয়েছে।