নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বিস্ফোরক অভিযোগ সামনে এল আমডাঙায়। মরিচা পঞ্চায়েতের ভালুকা গ্রামের একটি ঘটনায় ফের বিতর্ক ছড়িয়েছে। গ্রামের বাসিন্দা বিশ্বাস পরিবারে তিন ভাই। সেখানে আচমকাই ভোটার তালিকায় উঠে এসেছে ‘চতুর্থ ভাই’-এর নাম। নতুন নাম ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিষয়টি নিয়েই অভিযোগ জমা পড়েছে মহকুমা প্রশাসনের কাছে। জানা গিয়েছে, আমডাঙার ভালুকা গ্রামের বাসিন্দা নরেন্দ্রনাথ বিশ্বাস। তিনি ও তাঁর স্ত্রী বকুল বিশ্বাস মারা গিয়েছেন। তাঁদের তিন ছেলে নীহার বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস ও ননী বিশ্বাস। কয়েক বছর আগে নীহারবাবু মারা গিয়েছেন। বর্তমানে গোবিন্দ, ননী ও নীহারের স্ত্রী বিমলা বিশ্বাস বাবার পরিচয় দিয়ে ২০২৫ সালের এসআইআরের ইনিউমারেশন ফর্ম পূরণ করেছেন। খসড়া তালিকা প্রকাশ হতেই কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে বিশ্বাস পরিবারে। দেখেন তিন ছেলে ছাড়াও চতুর্থ ভাইয়ের আবির্ভাব হয়েছে। যাঁর নাম ভোলানাথ বিশ্বাস। খসড়া তালিকায় ভোলানাথ বিশ্বাসের বাবা নরেন্দ্রনাথ বিশ্বাস ও মা হিসাবে দেখানো হয়েছে বকুল বিশ্বাসকে। অভিযোগকারীদের দাবি, এই ব্যক্তি আদতে বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে চোরাপথে বাংলাদেশ থেকে এ রাজ্যে আসেন। বর্ধমান, দুর্গাপুর এবং কর্ণাটক হয়ে আমডাঙার ভালুকা গ্রামে এসে ভাড়াবাড়িতে আশ্রয় নেন।



