Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে জাতীয় সড়কে ট্রাকের পিছনে ধাক্কা চার চাকার, মৃত এক, জখম তিন

গলসিতে জাতীয় সড়কে ট্রাকের পিছনে ধাক্কা চার চাকার, মৃত এক, জখম তিন
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: রবিবার ১৯ নম্বর জাতীয় সড়কে গলসি থানার বড়দিঘি এলাকায় চলন্ত ট্রাকের পিছনে একটি চারচাকার ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিনজন। মৃতার নাম নেহা আগরওয়াল(৫৭)। ঝাড়খণ্ডের চাইবাসার বাসিন্দা তিনি। এদিন এই চারজন চারচাকা করে কলকাতা থেকে ঝাড়খণ্ড যাচ্ছিলেন। সেইসময় এই দুর্ঘটনাটি ঘটেছে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জখম ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। চারচাকা গাড়িটি কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। বড়দিঘির কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গলসি থানার পুলিস সূত্রে জানা যায়, চারচাকা গাড়িতে নেহাদেবীর সঙ্গে তাঁর স্বামী নরেশ আগরওয়াল, হাওড়ার বাসিন্দা নিরোজ বুবনা ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা রাজেশ সিংহানিয়া ছিলেন। বড়দিঘির কাছে ডানদিকে চেপে চলে আসে ট্রাকটি। চারচাকা গাড়িটি তখন নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে ট্রাকের পিছনে। চারচাকার অর্ধেকেরও বেশি অংশ ঢুকে যায় লরির পিছনে। ইঞ্জিনের বনেট এবং গাড়ির ছাদের সামনের দিকের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতরভাবে জখম হন চার যাত্রী। ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় গলসি থানার পুলিস। জাতীয় সড়ক এবং পুলিসের অ্যাম্বুল্যান্সে করে দ্রুত জখম চারজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই নেহাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ দে বলেন, আমি গাড়ি দু’টির পিছনে বাইকে ছিলাম। আচমকা দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে জখমদের উদ্ধারের চেষ্টা করেন। এই ঘটনায় দুর্গাপুরগামী লেনে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিস দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করে ক্রেনের সাহায্যে গাড়িটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ