নয়াদিল্লি: ১১ নভেম্বর মাইক্রোসফটের পরিষেবার ধাক্কা। দু’দিন বাদে মার্কিন মুলুকে টেলিকমিউনিকেশন সমস্যার জের বিমান বিভ্রাট। ১৬ নভেম্বর মার্কিন ব্যাংকিং ব্যবস্থায় বড়োসড়ো ব্যাঘাত। পরদিনই আমেরিকার ন্যশনাল সিকিওরিটি এজেন্সির অভ্যন্তরীণ নেটওয়ার্কে গণ্ডগোল। সবমিলিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই চারটি বড়োসড়ো প্রযুক্তিগত বিভ্রাট।
ঘটনাক্রমকে নিছকই কাকতালীয় বলতে নারাজ বিশেষজ্ঞরা। বিশিষ্ট সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ নিকোল পার্লরোথ এই ধরনের ঘটনাকে ‘ভালনাগেডন’ বা ভালনাক্যালিপ্স’ বলে উল্লেখ করেছেন। যখন কৃত্রিম বুদ্ধিমত্তা কারণে সফটওয়্যারে সুরক্ষায় বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়ে যায়, তখন সাইবার এক্সপার্টরা এই শব্দগুলি উল্লেখ করেন। নিকোলের সতর্কতা, সব কিছুতেই এআইয়ের সংযুক্তিকরণের জন্য এধরনের সমস্যা বাড়ছে। আগামী দিনে তা আরও বড়ো আকার ধারণ করতে পারি। কোনো জটিল সিস্টেমে অনধিকার প্রবেশ বা ব্যাঘাত ঘটানোর কাজ অনেকটাই সহজ করে দিয়েছে এআই। কোনো সফটওয়্যারের খামতি দ্রুত ধরে দিচ্ছে এই প্রযুক্তি। সেই তথ্য কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।



