সংবাদদাতা, বেলদা ও খড়গপুর: পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বুধবার বজ্রপাতে তিন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো তিনজন। আবহাওয়া দপ্তরের তরফে সতর্কবার্তা থাকলেও চরম বিপদ এড়ানো যায়নি।

এদিন ডেবরা ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুকুর এলাকায় কয়েকজন মহিলা মাঠে কৃষিকাজ করছিলেন। সে সময় হঠাৎই বাজ পড়ে। তাতে জখম হন পাঁচজন। তাঁদের উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন রাধামোহনপুরের বাসিন্দা মালতী পাত্র (৪৬) এবং কাজল নায়েক (৬২)। জখমদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে, নারায়ণগড়ের ঠেঙামারা এলাকায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় তাপস সাবরা (৫০) নামে আরো এক ব্যক্তির।
এদিন বজ্রপাতের অপর ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানা এলাকার বরগাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলে হঠাৎ আকাশে মেঘ দেখে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন সুমিত্রা খামরুই (৫০) নামে এক মহিলা। বাড়ির সামনে বজ্রপাতের শিকার হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল, বৃহস্পতিবার দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে।