Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

একই পরিবারে পাঁচজনের রেশন কার্ডের সঙ্গে যুক্ত আরও চার পড়শি!

রানাঘাট ২ ব্লকের হিজুলি ২ নম্বর পঞ্চায়েত এলাকায় রেশন কার্ড নিয়ে অনিয়ম ও ভুয়ো নাম তোলার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে

একই পরিবারে পাঁচজনের রেশন কার্ডের সঙ্গে যুক্ত আরও চার পড়শি!
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: রানাঘাট ২ ব্লকের হিজুলি ২ নম্বর পঞ্চায়েত এলাকায় রেশন কার্ড নিয়ে অনিয়ম ও ভুয়ো নাম তোলার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাসের অভিযোগ, তাঁর নিজের পরিবারের পাঁচজনের রেশন কার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে পড়শি আরো চারজনের নাম। অবিলম্বে ওই চার পড়শির নাম কার্ড থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নদীয়া জেলার ফুড কন্ট্রোলার সৈকত চক্রবর্তী জানান, যদি সত্যিই এমন কোনো অনিয়ম বা অনধিকার নাম একটি পরিবারের রেশন কার্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে। 

Advertisement

ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসের শুরুর দিকে। অভিযোগকারী স্বপনবাবু জানান, রেশন কার্ডের কেওয়াইসি প্রক্রিয়ার সময় তিনি জানতে পারেন যে তাঁর পরিবারের মূল পাঁচজনের সঙ্গে পড়শি চারজনের নাম রেশন কার্ডের নথিতে যুক্ত হয়ে রয়েছে। বিষয়টি জানার পর তিনি স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে জানান ও পরবর্তীতে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর আরও দাবি, যে চার ব্যক্তির নাম আমাদের কার্ডের সঙ্গে যুক্ত দেখানো হচ্ছে তাঁরা খুব বেশিদিন হয়নি এলাকায় এসেছেন। এদের নাগরিকত্ব ও পরিচয় নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পুলিশ ওই চারজনকে তাদের কার্ড সারেন্ডার করার কথা বললেও ওরা তা করেননি।
পাশাপাশি, স্বপনবাবুর পরিবারের তরফে অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেইসঙ্গে তাঁদের সঙ্গে প্রধান খারাপ ব্যবহার করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি খাদ্য দপ্তরে জানানো হয়েছে। সেখান থেকে ভেরিফিকেশনের আশ্বাস দেওয়া হয়েছে।
হিজুলি ২ নম্বর পঞ্চায়েতের বিজেপির প্রধান নমিতা সরকার বলেন, আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। বিষয়টি জানার পর আমি দু’পক্ষকেই বলেছি, প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক এবং তদন্তের ভিত্তিতে যে বা যারা দোষী প্রমাণিত হবে তারা আইনানুগ শাস্তি পাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ