Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬

জম্মু ও কাশ্মীরের রামবনে মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে ভেসে গিয়ে মৃত ৪, রেয়াসিতে ধসের জেরে মৃত্যু হল সাতজনের

চলতি বছরে ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চল। ধস, মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বান। এইসবের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড।

জম্মু ও কাশ্মীরের রামবনে মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বানে ভেসে গিয়ে মৃত ৪, রেয়াসিতে ধসের জেরে মৃত্যু হল সাতজনের
  • ৩০ আগস্ট, ২০২৫ ১২:০৮
Prefer us on Google

শ্রীনগর, ৩০ আগস্ট: চলতি বছরে ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড়ি অঞ্চল। ধস, মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বান। এইসবের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। মৃত্যু হয়েছে বহু মানুষের। কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হচ্ছে না। মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার জন্য ভারী বৃষ্টি চলছে পাহাড়ি এলাকায়। জম্মু ও কাশ্মীরে ব্যাপক বৃষ্টি হচ্ছে। যার জেরে ধস নেমেছে রেয়াসিতে। গতকাল, শুক্রবার গভীর রাতে রেয়াসির বদ্দর গ্রামে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই ধসে ভেঙে পড়ে নাজির আহমেদ নামের এক ব্যক্তির বাড়ি। সেই ধ্বংসস্তূপে চাপা পড়েই মৃত্যু হয় নাজির আহমেদ ও তাঁর পরিবারের ছয় সদস্যের।

Advertisement

আজ, শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে জম্মু ও কাশ্মীরের রামবনে মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান আসে। তাতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে চারজনের। নিখোঁজ বহু। রামবনের রাজগড় গ্রামে ঘটেছে ঘটনাটি। মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। হড়পা বানের জেরে রাজগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। বিগত কয়েক সপ্তাহে জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬০ জনের। ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা। ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে কাটরা থেকে জম্মু পর্যন্ত। স্থগিত রাখা হয়েছে বৈষ্ণো দেবী যাত্রা। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ রয়েছে ধসের জেরে। আজ, শনিবারও জম্মু ডিভিশনে ছুটি ঘোষণা করা হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে। জনজীবন কার্যত বিপর্যস্ত। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ