Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের চারটি ঘর, চাঞ্চল্য বালুরঘাটে

গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের চারটি ঘর।

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের চারটি ঘর, চাঞ্চল্য বালুরঘাটে
  • ১০ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: গভীর রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের চারটি ঘর। জানা গিয়েছে, বাড়িটির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরে থাকা আসবাবপত্র তো বটেই, পরিবারের সদস্যদের আধার কার্ড থেকে টাকা-পয়সা, সোনার গয়না সহ খাদ্যসামগ্রী সমস্ত কিছু পুড়ে ছারখার। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন  পরিবারের সদস্যরা। বিধ্বংসী আগুনের জেরে একটি গ্যাসের সিলিন্ডারেও বিস্ফোরণ হয়। তার থেকে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। গতকাল, সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

 গতকাল, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের খিদিরপুর বিবেকানন্দ পল্লি এলাকায়। দমকল এবং পুলিসের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখছে পুলিস ও দমকল বাহিনী। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিকের নাম মনোজ মল্লিক। তিনি পেশায় শ্রমিক। রাতে আচমকা বাড়িতে আগুন লেগে যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন।

মনোজ মল্লিক জানিয়েছেন, ‘আমার ঘরে যা যা ছিল সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল রাতে বারবার বিদ্যুৎ যাচ্ছিল। গরমের কারণে বাইরে ছিলাম। হঠাৎ দেখতে পাই আগুন। কোনও রকমে আমরা প্রাণে বেঁচেছি। কিন্তু আর কিছু থাকল না আমার বাড়ির।’ খবর পেয়েই গতকাল, রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা। তিনি বলেন, বিধ্বংসী আগুনে ওই পরিবারের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁর আশ্বাস, পুরসভা ওই পরিবারের পাশে আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ