বৈকালিক জলখাবারে মুড়ির কদর বাঙালির ঘরে ঘরে। একদম ভিন্ন ধরনে বানিয়ে ফেলুন চার পদ রান্না।
বৈকালিক জলখাবারে মুড়ির কদর বাঙালির ঘরে ঘরে। একদম ভিন্ন ধরনে বানিয়ে ফেলুন চার পদ রান্না।
মুড়ির আনন্দনাড়ু
উপকরণ: মুড়ি ২৫০ গ্রাম, ভাজা চাল ১০০ গ্রাম, ভাজা সাদা তিল ১০০ গ্রাম, শুকনো নারকেল কোরানো কাপ, গুড় পরিমাণ মতো।
প্রণালী: মুড়ি এবং ভাজা চাল একসঙ্গে মিক্সিতে নিয়ে গুঁড়ো করতে হবে। তারপর তাতে ভাজা তিল, শুকনো নারকেল কোরা ও পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে মেখে নিন। নাড়ুর আকারে গড়ে নিলেই রেডি মুড়ির আনন্দনাড়ু।
প্যান ফ্রায়েড চিলি মুড়ি বিটস
উপকরণ: মুড়ি ২৫০ গ্রাম, সুজি ৫০ গ্রাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, নুন, চিনি পরিমাণ মতো, কারিপাতা ৫-৬টা, কাঁচালঙ্কা কুচি ১টি, বিউলির ডাল ১ চা চামচ, গোটা জিরে, সর্ষে চা চামচ করে, চিলি ফ্লেক্স, অরেগ্যানো চা চামচ করে, ধনেপাতা কুচি ২ চামচ, সাদা তেল ৪-৫ চামচ।
প্রণালী: প্রথমে মুড়ি আর সুজি আলাদাভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর একটি পাত্রে ১ কাপ জল গরম করে তাতে নুন, চিলি ফ্লেক্স, অরেগ্যানো, ধনেপাতা কুচি মিশিয়ে নিন। তাতে সুজি ও মুড়ির গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটি মণ্ড বানিয়ে নিয়ে গ্যাস অফ করুন। ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দেওয়ার পর একটু তেল দিয়ে তা মেখে নিন। ছোট বল বানিয়ে তার উপর থেকে চাপ দিয়ে চ্যাপ্টা করে গড়ে নিন। একইভাবে বাকি বলগুলোও বানাতে হবে। তারপর প্যানে তেল গরম করে সর্ষে, জিরে, কারিপাতা ফোড়ন দিন। তারপর বিউলির ডাল ও লঙ্কা কুচি ভেজে তাতে মেশান। লঙ্কা গুঁড়ো ও সামান্য জল দিয়ে নেড়ে মুড়ির বল দিয়ে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি মুড়ির বিটস।
মুড়ির দই বড়া
উপকরণ: মুড়ি ৩০০ গ্রাম, স্লাইস পাউরুটি ২টো, দুধ কাপ, দই ২৫০ গ্রাম, চিনি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো চা চামচ, বিটনুন পরিমাণ মতো, তেঁতুলের চাটনি ২-৩
চা চামচ, পুদিনা চাটনি ২-৩ চা চামচ।
প্রণালী: প্রথমে মুড়ি একটু জলে ধুয়ে নিয়ে মিক্সিং জারে নিন। তার সঙ্গে পাউরুটি ছোট টুকরো করে দিন। অল্প অল্প করে দুধ দিয়ে বেটে একটি আটা মাখার মতো নরম মণ্ড বানিয়ে নিতে হবে। এরপর সেই মণ্ড থেকে ছোট ছোট বলের মতো গড়ে একটি প্লেটে রেখে দিন। এবার দই পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ফেটিয়ে নিন। মুড়ির বলের উপর তা ছড়িয়ে দিন। তারপর একে একে তেঁতুলের চাটনি, পুদিনা চাটনি দিয়ে দিতে হবে। সব শেষে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিটনুন ছড়িয়ে পরিবেশন করুন মুড়ির দই বড়া।
মুড়ির কালাকাঁদ
উপকরণ: মুড়ি ২৫০ গ্রাম (গুঁড়ো করে নিতে হবে), ঘি ২ চা চামচ, দুধ ৫০০ গ্রাম, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্সড মিল্প পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। তাতে একে একে গুঁড়ো দুধ, মুড়ির গুঁড়ো, কনডেন্সড মিল্ক দিয়ে নাড়িয়ে নিন। যখন মিশ্রণটি ঘন হয়ে একটি মণ্ডের মতো হয়ে আসবে তখন ঘি দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে পাত্রে লেগে না যায়। যখন পাত্র থেকে মণ্ডটি ছেড়ে আসবে তখন তা নামিয়ে একটি ঘি মাখা প্লেটে রেখে দিতে হবে। সমান করে সেট করে ঠান্ডা হতে দিতে হবে। তারপর পিস পিস করে কেটে তৈরি করুন মুড়ির কালাকাঁদ।
বিনীতা হাজরা গুপ্ত